প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর থেকে রাজধানীর মগবাজারের দিকে যাওয়ার পথে হৃদয় আনসারী (২৫) নামের এক তরুণের অপহরণের অভিযোগ উঠেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অপহরণকারীদের বিভিন্ন নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় র্যাব-৩ এবং কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।
২৪ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদয় গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকা থেকে মগবাজারের উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ৯টায় পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে হৃদয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন রোববার ভোর ৫টা ৩৯ মিনিটে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, হৃদয় তাঁদের জিম্মায় রয়েছে। তাকে মুক্তি দিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে হৃদয়ের কথাও বলানো হয়।
পরিবারের দাবি, প্রথমে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠানো হয়। এরপর জীবননাশের হুমকি দিয়ে আরও ৩০ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়। পরে রাজধানীর হাতিরঝিলের ২ নম্বর ব্রিজে গিয়ে হৃদয়কে নিয়ে আসতে বলা হয়। কিন্তু পরে অপহরণকারীরা আরও পাঁচ হাজার টাকা নগদে পাঠানোর নির্দেশ দেয়। অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা পরিশোধ করার পরও হৃদয়কে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি। এ ঘটনায় হৃদয়ের খালাতো ভাই ফয়সল মাহমুদ কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
পরিবারের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। তবে হৃদয় আনসারীর বর্তমান অবস্থান এবং তাকে অপহরণের অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনও জানা যায়নি।
মুক্তিপণ দেওয়ার পরও স্বজনের সন্ধান না পাওয়ায় হৃদয়ের পরিবার উৎকণ্ঠায় রয়েছে। তারা দ্রুত হৃদয়কে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন