প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসানোর জন্য এখন থেকেই পরিকল্পনা করছে। তিনি উল্লেখ করেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য র্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করা আবশ্যক।
এনসিপি মুন্সীগঞ্জে ঢাকা উত্তর অঞ্চলের সাংগঠনিক সমন্বয় সভা করেছে, যেখানে সারাদেশের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ২০০৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর চেষ্টা করেছিল, কিন্তু সে সময় তারা সফল হয়নি। বর্তমানে বিএনপি একই ধরনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বিএনপিকে এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান এবং র্যাঙ্ক চয়েস সিস্টেমের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দেন।
মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে বিরোধী দল এবং সরকারের সমালোচনাকারী সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চলছে। তিনি দাবি করেন, গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের কারণে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহে এক নারীকে গ্রেপ্তারের ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ওই নারীকে বিএনপিকে ভোট দেওয়া নিয়ে সমালোচনামূলক মন্তব্য করার কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা সংবাদমাধ্যমে জানতে পেরেছেন।
এনসিপির এই নেতা বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বলেন, দেশে নতুন করে স্বৈরাচারী প্রবণতা তৈরি হচ্ছে। তিনি সতর্ক করেন যে, শুরুতেই তা প্রতিরোধ করা না গেলে জনগণকে এর পরিণতি ভোগ করতে হবে। আওয়ামী লীগকে ২০০৮ সালের পরপরই প্রতিরোধ করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি, যার ফলে দলটি ১৬ বছর দেশে একনায়কতন্ত্র কায়েম রাখতে সক্ষম হয়েছে। তার অভিযোগ, বিএনপিও একই ধরনের কৌশলে এগোচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে তাদের সংশয় রয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দেন যে, এ নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা নির্বাচন প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) মেনে নেওয়া হবে না। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন