প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুনিয়াতে মানুষের অভাব নেই। কিন্তু ভালো এবং নিরাপদ মানুষের সংখ্যা খুবই কম। নিরাপদ মানুষ বলতে বোঝায়, যার আশপাশের সবাই নিরাপদ বোধ করে। নিরাপদ মানুষের আচরণ, কথাবার্তা, এবং লেনদেনের মাধ্যমে অন্যরা নিরাপত্তা অনুভব করে। একজন অনিরাপদ মানুষ সারা বিশ্বে অশান্তির সৃষ্টি করতে পারে। তার কারণে বিশ্ব অনিরাপদ হয়ে উঠতে পারে। ইতিহাসে এমন অনেক অনিরাপদ শাসকের উদাহরণ রয়েছে, যাদের ঔদ্ধত্যপূর্ণ ও নেতিবাচক আচরণের ফলে অসংখ্য মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে এবং নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
ইতিহাসের পাতায় সবচেয়ে নিরাপদ মানুষ হলেন মুহাম্মদ (সা.)। তিনি এমন একজন নিরাপদ মানুষ ছিলেন, যিনি ইহুদি-খ্রিষ্টানসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে নিরাপদ হিসেবে পরিচিত ছিলেন। তারা নিজেদের সমস্যা তার কাছে তুলে ধরতেন এবং মূল্যবান সামগ্রী তার কাছে আমানত রাখতেন। তার কাছ থেকে আশপাশের সব মানুষ নিরাপত্তা অনুভব করতেন। গোটা বিশ্ববাসীর কাছে তিনি একজন বিশ্বস্ত ও নিরাপদ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাই বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করতে হলে নিরাপদ মানুষের সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
নবী (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলমান সে-ই, যার জিব ও হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে।’ (বুখারি : ১০; মুসলিম : ৪০)
ইসলাম আমাদের নিরাপদ মানুষ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে এবং উৎসাহিত করেছে।
দুনিয়াতে বেঁচে থাকতে নিরাপদ মানুষের প্রয়োজন কেন? কারণ, নিরাপদ মানুষেরাই সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ধরুন, আপনি একজন কর্মস্থলের সহকর্মী কিংবা একজন ভাড়াটিয়া। আপনি যদি একজন নিরাপদ মানুষ হন, তাহলে কর্মস্থলের অন্যান্য সহকর্মী এবং বাসার আশপাশের অন্য ভাড়াটিয়ারা আপনাকে একজন নিরাপদ মানুষ হিসেবে বিবেচনা করবেন। আপনার কাছে তারা সবসময় নিজেদের নিরাপদ মনে করবেন। পক্ষান্তরে, আপনি-আমি যদি অনিরাপদ মানুষ হই, তাহলে আমাদের কাছে অন্যরা নিজেদের অনিরাপদ ও অসহায় মনে করবেন। এতে তাদের মধ্যে সবসময় একধরনের অস্বস্তি কাজ করবে, যা তাদের স্বাভাবিক জীবনযাপনে অশান্তি সৃষ্টি করবে এবং নেতিবাচক প্রভাব ফেলবে।
তাহলে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ মানুষ হতে হবে। পাশাপাশি অন্যদেরও নিরাপদ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে হবে। তবেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ জীবনব্যবস্থা ও সুন্দর সমাজ।
লেখক : খতিব, মসজিদ-এ-ক্বোবা, সাভার পৌরসভা, সাভার, ঢাকা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন