প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টেস্ট ক্রিকেটের কিংবদন্তি মোহাম্মদ ইউসুফের বিশেষায়িত কোচিং গ্রহণের জন্য ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় যাওয়ার পরামর্শের প্রতিক্রিয়া জানিয়েছেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই ব্যাটার জানিয়েছেন, ইউসুফ যদি যোগাযোগ করেন, তবে তিনি তার কাছ থেকে শিখতে আগ্রহী।
ইউসুফ বাবরের সাম্প্রতিক ফর্ম এবং ব্যাটিংয়ের টেকনিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে বিশেষায়িত কোচিং নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
পাকিস্তানের সাবেক এই ব্যাটার আরও মন্তব্য করেন, টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত বাবরের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত নয়। তার মতে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা বাবরের আত্মবিশ্বাস ও ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউসুফ লেখেন, "বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে নিজের টেকনিক্যাল সমস্যাগুলো ঠিক না করা পর্যন্ত বাবর আজমের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত বলে আমি মনে করি না। ঘরোয়া ক্রিকেটে সংগ্রাম চালিয়ে গেলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।"
তিনি আরও লেখেন, "তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠান। সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য প্রচেষ্টা থাকলে সে আবার নিজের সেরা ফর্মে ফিরতে পারবে। চার বছর আগেও আমি এ কথা বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।"
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ইউসুফের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে বাবর জানান, শেখার কোনো শেষ নেই। তিনি সাবেক এই ক্রিকেটারের প্রতি নিজের শ্রদ্ধার কথাও তুলে ধরেন।
বাবর বলেন, "আপনি যেমনটা বলেছেন, শেখার প্রক্রিয়া কখনো শেষ হয় না। আমি এখনো তার সঙ্গে যোগাযোগ করিনি। আমার বিশ্বাস, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে আমার সঙ্গে নয়। তিনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ, আমি তার কাছ থেকে শিখব। তিনি একজন কিংবদন্তি এবং পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটার।"
সাম্প্রতিক সময়ে নিজের আউট হওয়ার ধরন নিয়েও কথা বলেছেন ডানহাতি এই ব্যাটার। তার মতে, বিভিন্ন কারণে একজন ব্যাটার আউট হতে পারেন এবং এটি ক্রিকেটেরই অংশ।
বাবর বলেন, "আপনি যেকোনো সময় এবং বিভিন্নভাবে আউট হতে পারেন। এমন নয় যে প্রতিবার একই ধরনে বা একইভাবে আউট হবেন। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে এগুলো খেলারই অংশ।"
আউট হওয়ার জন্য ব্যক্তিগত দায়ও স্বীকার করেছেন বাবর। ব্যর্থতার জন্য অন্য কোনো বিষয়কে দায়ী না করে নিজের ভুল ও সীমাবদ্ধতাকেই দায়ী করেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, "আমার ক্ষেত্রে, যখনই আমি আউট হই, সেটাকে নিজের ভুল বলেই মনে করি। এটা আমার দায়িত্ব এবং আমারই সীমাবদ্ধতা। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন