প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি গড়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করার প্রত্যয় রয়েছে। দেশের ক্রীড়া ইতিহাসে সর্ববৃহৎ অংশগ্রহণের ফুটবল আসর ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ কোটি ৬০ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলন শেষে শিক্ষামন্ত্রী জামাল খান সড়কে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে রোড শো উদ্বোধন করেন।
এরপর তিনি টুর্ণামেন্টের উদ্বোধন স্থান চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট। শিক্ষা ও খেলাধুলাকে সমন্বয় করে একটি সুস্থ, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সম্প্রসারণ ও যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য।
এহছানুল হক মিলন বলেন, দেশের প্রাথমিক পর্যায়ের ২২ লাখ শিক্ষার্থী নিয়ে এর আগে বড় পরিসরে ক্রীড়া আয়োজন করা হয়েছিল। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
তিনি জানান, দেশের প্রায় এক কোটি ৬০ লাখ শিক্ষার্থী এই আয়োজনের সঙ্গে যুক্ত হবে। দেশের ১৯ হাজার ২২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৯৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদরাসা ও ৬৭৮টি কারিগরি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে খেলাটি আগস্টে শুরু হলেও প্রধানমন্ত্রী উপস্থিত থেকে আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, একটি ভবন শক্ত করতে হলে যেমন তার ভিত্তি মজবুত করতে হয়, তেমনই ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য অবশ্যই যেতে হবে একদম তৃণমূল পর্যন্ত।
তিনি বলেন, ‘প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে এনে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় তৈরি হলে দেশের ক্রীড়াঙ্গন আরও শক্তিশালী হবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের জন্য লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে সাড়া পাওয়া গেছে। নির্বাচিত সেরাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্তের সূচনা করবে এবং ভবিষ্যতের প্রজন্মকে দক্ষ, সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন