শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৫ এম
দিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিয়ে আসার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করছে। তবে, তিনি এই চাপের কাছে নতিস্বীকার করছেন না। ভারতের চাপের কারণে প্রধানমন্ত্রীর দিল্লি সফর না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ এক নীতিনির্ধারক এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ভারত যতক্ষণ না বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের নীতি পরিবর্তন করছে, ততক্ষণ প্রধানমন্ত্রীর দিল্লি সফর অনিশ্চিত থাকবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ, পুশইনের মাধ্যমে সীমান্তে উত্তেজনা সৃষ্টি, পানিবণ্টনসহ দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে দিল্লির অনাগ্রহ—সবকিছু মিলিয়ে মোদি সরকার বারবার হাসিনা ইস্যুকে ব্যবহার করে তারেক রহমানের সরকারকে চাপে রাখতে চেয়েছে।
দিল্লির এই অযাচিত চাপ, বিশেষ করে হাসিনা ইস্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ দিল্লি শেখ হাসিনাকে দিয়ে আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণার মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাস উসকে দিয়েছে। এই পদক্ষেপ প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ ভারত সফরকে আরো জটিল করে তুলেছে। ভারতের এই আগ্রাসী আচরণ সরকারের শীর্ষ নীতিনির্ধারক মহলে প্রচণ্ড ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে। তাই জাতীয় স্বার্থ বিবেচনায় ভারত ইস্যুতে তারা এখন কঠোর অবস্থানে রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ঢাকা-দিল্লি সম্পর্ক এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের ব্যাপারে আমার দেশ-এর সঙ্গে আলাপে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই শীর্ষ নীতিনির্ধারক বলেন, ভারত এখনো চাপ দিয়ে সবকিছু করার সেই পুরোনো নীতি নিয়েই চলছে। তারা প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের জন্য চাপ দিচ্ছে। চাপে ফেলে তারা প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত করতে চায়। তবে, তারেক রহমান তো দুই-তৃতীয়াংশ জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি কারো চাপে নতিস্বীকার করবেন না। প্রধানমন্ত্রীর অবস্থান স্পষ্ট—তিনি ভারতের চাপের মুখে কখনো সেখানে যাবেন না।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বারবার হাসিনা কার্ড খেলছে। দিল্লিতে হাসিনার অবস্থানকে বৈধতা দিতে তো প্রধানমন্ত্রী সেখানে যেতে পারেন না। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারত যদি অন্তত ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ করত, তাহলেও আমরা বুঝতাম চুক্তিটি কার্যকর আছে। পরে কোনো এক সময় হয়তো হাসিনাকে তারা প্রত্যর্পণ করবে। কিন্তু তারা এর কিছুই করেনি।
ওই নীতিনির্ধারক আরো বলেন, তারা এখন হাসিনাকে ফেরানোর নাম করে গণমাধ্যম ও অন্যদের দিয়ে উদ্ভট সব কথাবার্তা বলাচ্ছে। তাদেরও জানা আছে হাসিনাকে ফেরানোর পথ কী। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসিনাকে ফেরানোর পথ একটাই—প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেবে। এর বাইরে আর কোনো ফর্মুলা নেই। তিনি অবশ্য বলেন, হাসিনা ফিরবে না। মাঝে কিছু মানুষ তার উসকানিতে পা দিয়ে নিজেদের বিপদ ডেকে আনবে।
এদিকে, একটি কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান ঢাকায় আসার পর গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়টির শীর্ষ নীতিনির্ধারকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে গঙ্গার পানিবণ্টন, প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ দিল্লি সফরসহ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন অস্থিরতার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিক আমার দেশকে বলেন, আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়। তারা সেটা চায় না। তারা মুখে অনেক কিছু বলে কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। দীনেশ ত্রিবেদী বারবার বলছেন—দুই প্রধানমন্ত্রী বসলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার এই কথা বিশ্বাস করার কোনো কারণ নেই।
তিনি বলেন, দুই প্রধানমন্ত্রী একত্রে বসার আগে একটি অনুকূল পরিবেশ তৈরির জন্য তারা তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। গঙ্গার পানিবণ্টন ইস্যুটি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আলোচনার জন্য তাদের পক্ষ থেকে কোনো সাড়া নেই। উল্টো তারা হাসিনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে। অথচ তারা জানে দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি এবং তার নানামুখী অপতৎপরতা দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা।
নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ওই সিনিয়র কূটনীতিক জানান, ভারত যদি সত্যিকারার্থে আন্তরিক হয়, তাহলে যেকোনো সময় প্রধানমন্ত্রীর দিল্লি সফর হতে পারে। তবে চলতি বছর সফরের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। চলতি মাসের শেষে অথবা আগামী ডিসেম্বর মাসের প্রথম দিকে আমাদের নতুন হাইকমিশনার দিল্লি যাবেন। ৭ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম এবং ১৪ ডিসেম্বর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ঢাকা সফর করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরেরও প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রীর একটি সফর হওয়া দরকার। কিন্তু সফর হলেই যে অনেক কিছু ঠিক হয়ে যাবে, আমি মোটেও তা মনে করি না। তবে দুদেশের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা কিছুটা কমতে পারে। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেও মন্তব্য করেন ওই কূটনীতিক।
রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা মোদি সরকারের চাপের মুখে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ভারত আসলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের আর কারো সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার ৯ মাস পার হয়েছে মাত্র। এরই মধ্যে ভারত বাংলাদেশের অভ্যন্তরে নানামুখী অস্থিতিশীলতার মাধ্যমে সরকারকে চাপে রাখতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, ভারত যদি তাদের মনোভাব না বদলায়, তাহলে সরকারের উচিত হবে দিল্লির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলা। বাংলাদেশ তার শক্ত অবস্থান ধরে রাখলে ভারত সুর নরম করতে বাধ্য হবে।
এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক আখ্যা দিয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী আমার দেশকে বলেন, ভারত আসলে কোনোভাবেই জুলাই বিপ্লবকে মেনে নিতে পারেনি। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ছাড়া অন্য কারো ওপর তাদের আস্থা নেই। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে একের পর এক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভারত আসলে সবসময় বাংলাদেশকে চাপের মধ্যে রাখতে চাইছে। হাসিনার দেশে ফেরার ঘোষণা সেই চাপ প্রয়োগেরই অংশ।
তিনি বলেন, এই পরিস্থিতিতে দিল্লি সফরে না যাওয়ার প্রধানমন্ত্রী সিদ্ধান্ত সঠিক। দিল্লিতে হাসিনার উপস্থিতিতে সেখানে প্রধানমন্ত্রীর সফর অবশ্যই ঝুঁকিপূর্ণ। তিনি সেখানে গেলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। ভারতীয় সাংবাদিকরা এখন হাসিনা ইস্যুতে কী করছে, তা আমরা সবাই দেখছি। তারা যদি প্রধানমন্ত্রীকে সামনে পায়, তাহলে কী করবে—তা সহজেই অনুমান করা যায়।
বর্তমান সরকারের ভারতনীতি আরো স্পষ্ট করার দাবি জানিয়ে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, আমি মনে করি ভারত ইস্যুতে দেশের জনগণ প্রধানমন্ত্রীর পাশে থাকবে। কিন্তু ভারতের ব্যাপারে সরকারের নীতি আমার কাছে পুরোপুরি স্পষ্ট নয়। ভারত আমাদের সঙ্গে বৈরী আচরণ করছে বলে প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন না। কিন্তু এই পরিস্থিতিতে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বাড়ছে—এটা খুবই উদ্বেগের।
তিনি বলেন, ভারত জাপানের মাধ্যমে বিশেষ করে মাতারবাড়ী প্রকল্পকে ব্যবহার করে ভবিষ্যতে বাংলাদেশের ওপর কতটা প্রভাব বিস্তার করবে, তা বুঝতে পারছি না। সরকারের উচিত এসব বিষয় জনগণের কাছে স্পষ্ট করা।
বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান এ ব্যাপারে আমার দেশ-এর সঙ্গে আলাপে বলেন, দিল্লির চাপের কাছে নতিস্বীকার না করে প্রধানমন্ত্রী ভারত সফরে না যাওয়ার যে সিদ্ধান্ত বজায় রেখেছেন, তা শতভাগ সঠিক এবং তিনি এখানে সাহস ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। ভারত সবসময় তার প্রতিবেশীদের নানাভাবে চাপে ফেলে ব্ল্যাকমেইলিং করতে চায়। প্রধানমন্ত্রী যে ভারতের ফাঁদে পা দিচ্ছেন না, সেটা আমাদের জন্য স্বস্তির বিষয়।
তিনি বলেন, ভারত এখন পাকিস্তানে পানিসন্ত্রাস চালাচ্ছে। তারা বাংলাদেশকেও ভয় দেখাতে চায়—তাদের কথা না শুনলে গঙ্গার পানিবণ্টনসহ অন্যান্য দ্বিপক্ষীয় সমস্যার সমাধান হবে না। তবে প্রধানমন্ত্রী যে শক্ত অবস্থান নিয়েছেন, তা বজায় রাখলে ভারত সুর নরম করতে বাধ্য হবে। কারণ, ভারত এই অঞ্চলে এখন বন্ধুহীন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো খারাপ হলে তা তাদের জন্য হিতে বিপরীত হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, চীন, জাপান, তুরস্কসহ অন্যান্য শক্তিশালী দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে ঢাকাকে নিয়ে দিল্লি নতুন করে ভাবতে বাধ্য হবে।
এই আন্তর্জাতিক বিশ্লেষক আরো বলেন, ভারত সরকারের সমর্থনে দেশটির সাবেক কূটনীতিকরা বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো সন্ত্রাসীর ভাষায় কথা বলছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী হাসিনাকে ফেরানোসহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশকে হুমকি দিচ্ছেন। তাদের কথা না শুনলে ভারত নাকি অন্য পথ ধরবে। ভারত তার এই আগ্রাসী নীতি না বদলালে বাংলাদেশের উচিত হবে ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নের বার্তাসংবলিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি হস্তান্তর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে।
ওই চিঠিতে মোদি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। দায়িত্ব নেওয়ার পরপরই রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম বিদেশ সফর নিয়ে শুরু হয় আলোচনা। প্রধানমন্ত্রী প্রথমে ভারত নাকি অন্য কোনো দেশ সফরে যাবেন, তা নিয়ে চলতে থাকে আলোচনা।
প্রধানমন্ত্রীকে প্রথম সফরে দিল্লি নিতে মরিয়া হয়ে চেষ্টা চালায় ভারত সরকার। তারেক রহমান সরকারের একটি অংশ প্রধানমন্ত্রীর প্রথম সফর হিসেবে তার দিল্লি যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিল। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথম বিদেশ সফরে দিল্লি যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত মেলেনি।
গত ৭ থেকে ৯ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লি সফর করেন। সে সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ওই বৈঠকে জুলাই মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। একই সঙ্গে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে শেখ হাসিনাকে দিল্লিতে চুপ রাখা হবে বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন অজিত দোভাল।
এদিকে, চীনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিং নেওয়ার ব্যাপারে শুরু হয় কূটনৈতিক তৎপরতা। গত ৫ থেকে ৭ মে বেইজিং সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ওই সফরে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। পরে জাতীয় স্বার্থ ও ভূরাজনীতির সমীকরণ সামনে রেখে প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া হয়ে চীনে যান। গত ২১ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে যাওয়ার সিদ্ধান্তের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় গণমাধ্যম ও দিল্লিভিত্তিক বিভিন্ন থিংকট্যাংক বাংলাদেশ তথা প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয়ে ওঠে।
ভারতের প্রধান গণমাধ্যমগুলোতে ফলাও করে খবর প্রচার হতে থাকে—‘খালেদার ছেলে তারেক ভারতকে পাশ কাটিয়ে চীনের দিকে ঝুঁকছে’। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভেবেছিলাম তারেক রহমান প্রথম সফরে দিল্লি আসবেন। সেটা আর হলো না। এখন দেখা যাক ভারতের উদ্বেগের বিষয়গুলোকে তিনি কীভাবে অ্যাড্রেস করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোতে কী হচ্ছে, সে ব্যাপারে আমরা নজর রাখছি।
প্রধানমন্ত্রীর চীন সফরের সিদ্ধান্তকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে এতটাই নেতিবাচক প্রচার চালানো হয়, শেষ পর্যন্ত এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীন সরকারের প্রধান মুখপত্র দ্য গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে ভারতের কড়া সমালোচনা করে বলা হয়, কোনো দেশের সরকারপ্রধান কোথায় আগে গেলেন বা পরে গেলেন তা গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারত যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা তাদের দাদাগিরি ফলানোর মানসিকতার পরিচায়ক।
এদিকে, প্রধানমন্ত্রীর চীন সফরে ঢাকা-বেইজিং সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশলগত ভিত্তি তৈরি হয়। প্রধানমন্ত্রীর চীন সফরের পর বাংলাদেশের সঙ্গে রীতিমতো বৈরী আচরণ শুরু করে মোদি সরকার। দিনের পর দিন পুশইনচেষ্টার মাধ্যমে সীমান্তজুড়ে চরম অস্থিরতা তৈরি করা হয়। বাংলাদেশে একটি রামমূর্তি স্থাপনকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দুদের মাঠে নামানো হয়। তারেক রহমান সরকারকে চাপে ফেলতে আবারো সামনে আনে ‘হাসিনা কার্ড’।
বিগত অন্তর্বর্তী সরকারের সময়ও হাসিনাকে দিয়ে ধারাবাহিকভাবে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাস উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। হঠাৎ গত ১০ জুলাই শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক টেলিফোন সাক্ষাৎকারে ঘোষণা দেন—আগামী ডিসেম্বরে তিনি তার নেতাদের নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। অর্থাৎ শেখ হাসিনাকে দিয়ে যেভাবে ইউনূস সরকারকে চাপে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই একই পথ ধরে বর্তমান তারেক রহমান সরকারকে চাপে ফেলার চেষ্টা করে দিল্লি।
গত ৫ আগস্ট বাংলাদেশের আনুষ্ঠানিক আপত্তি উপেক্ষা করে দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। ঘটনায় দুদেশের সম্পর্কে নতুন করে তৈরি হয় চরম অস্থিরতা। এমন পরিস্থিতিতে গত ১০ আগস্ট প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই সাক্ষাতে প্রধানমন্ত্রীকে সপরিবারে ভারত সফরে নেওয়ার দিল্লির আগ্রহের কথা জানান ভারতীয় দূত।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায়, দীনেশ ত্রিবেদীকে সাফ জানিয়ে দেওয়া হয়—ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে অনুকূল পরিবেশ দিল্লিকেই তৈরি করতে হবে। একই সঙ্গে দণ্ডিত শেখ হাসিনা ও শরীফ ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের হস্তান্তরের পাশাপাশি পানিবণ্টন ও সীমান্ত সমস্যাসহ দ্বিপক্ষীয় ইস্যুগুলোর সুরাহা হতে হবে।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষেই দীনেশ ত্রিবেদী ছুটে যান দিল্লি। তিনি সেখানে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তারেক রহমান সরকারের বার্তাও পৌঁছে দেন নরেন্দ্র মোদিকে। ঢাকার ওই বার্তার পর শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ন্ত্রণ ও ওসমান হাদির খুনিদের হস্তান্তরের ব্যাপারে দিল্লির পক্ষ থেকে ঢাকাকে ইতিবাচক বার্তা দেওয়া হয়। একই সঙ্গে আগস্ট মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। সম্ভাব্য সফরসূচি হিসেবে ২০ ও ২১ আগস্ট প্রস্তাব করে দিল্লি।
তবে সফরের বিষয়টি কোনো ধরনের চূড়ান্ত হওয়ার আগেই ভারতীয় কর্তৃপক্ষের সোর্সের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় গণমাধ্যমগুলো একযোগে সংবাদ প্রচার করে—বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লি সফর করতে পারেন, যা মোটামুটি নিশ্চিত। ভারতীয় গণমাধ্যমগুলোর ওই খবর বাংলাদেশের গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়, যা সরকারের নীতিনির্ধারক মহলে রীতিমতো অস্বস্তি তৈরি করে।
সরকারের একজন নীতিনির্ধারক এ প্রসঙ্গে আমার দেশ-এর সঙ্গে আলাপে বলেন, সরকারকে চাপে ফেলতে ও বিভ্রান্ত করতে এ ধরনের খবর প্রচার করা হয়। প্রধানমন্ত্রী অবশ্যই দিল্লি সফর করবেন, তবে তার আগে বিদ্যমান ইস্যুগুলো সমাধানে ভারতকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতীয় স্বার্থ বাদ দিয়ে কাউকে খুশি করতে প্রধানমন্ত্রী কোনো দেশ সফরে যাবেন না।
১৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র একেএম শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগে একটি উপযুক্ত বা অনুকূল পরিবেশ সৃষ্টি করা জরুরি। ৫ আগস্ট নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলন দ্বিপক্ষীয় সফরের পরিবেশকে জটিল ও বিনষ্ট করেছে।
এমন পরিস্থিতিতে গত ৯ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ই-মেইল পাঠিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন শেখ হাসিনা। দিল্লির ডিপ স্টেটের পরিকল্পনা অনুযায়ী এই পাসপোর্ট নাটক সাজানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশ কোনো দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। হাসিনা খুন করে পালিয়েছে, পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই।
বাংলাদেশের ওপর চাপ বাড়াতে দিল্লি আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করছে। সবশেষ গত ১২ নভেম্বর বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, দিল্লি চায় বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দায়িত্ব নিক এবং তার নিরাপত্তা নিশ্চিত করুক। এছাড়া তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়ার ব্যাপারেও নিশ্চয়তা চায়। প্রতিবেদনটি প্রকাশের পর একই বয়ান নিয়ে সোচ্চার হয়েছেন ভারতের সাবেক কূটনীতিকরা। সব মিলিয়ে তারেক রহমান সরকারকে চাপে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিয়ে শুধুমাত্র দুটি মানুষের মধ্যে একটি সম্পর্ক নয়, বরং এর সাথে যুক্ত থাকে দুটি পরিবারের আবেগ, সম্পর্ক এবং সামাজিক আয়োজন। উপহার বিনিময় বা বিশেষ দিনে প্রিয়জনের জন্য কিছু পাঠানোর মাধ্যমে মানুষ তাদের ভালোবাসা প্রকাশ করে এবং ঐতিহ্যকে জীবিত রাখে। কিন্তু যখন সেই আয়োজন প্রত্যাশা, তুলনা বা মর্যাদা প্রদর্শনের মাধ্যম হয়ে যায়, তখন প্রশ্ন ওঠে, "ভালোবাসার মূল্য কি উপহারের পরিমাণের মাধ্যমে নির্ধারিত হয়?"
শোনা যায়, অন্যের বাড়ি থেকে লোকদেখানো সামাজিক যোগাযোগমাধ্যমের প্রদর্শনপ্রবণতা এবং আয়োজনের মানসিকতা পরিবারগুলোকে তাদের সামর্থ্যের বাইরে ব্যয়ে ঠেলে দেয়। কেউ ঋণগ্রস্ত হন, কেউ লোকলজ্জার কারণে কষ্ট আড়াল করেন। তবুও যদি কেউ বলেন, "মেয়েকে থকে বেশি এসেছে, তোমাদের বাড়ি থেকে কম কেন?" তখন তা স্বতঃস্ফূর্ত নয়; মূল্য টাকায় নয়, আন্তরিকতায়। আপত্তি প্রথায় নয়, তবে উপহারের সাথে অপমানও পৌঁছে যায়। অথচ উপহারের সৌন্দর্য পরিমাণে সেই মানসিকতায় নিহিত, যেখানে উপহারের পরিমাণ দিয়ে ভালোবাসা ও মর্যাদার হিসাব মেলানো হয়।
সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় এক নারীর মৃত্যুর ঘটনা এই প্রশ্নকে আরও বেদনাদায়ক করে তুলেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, খাবার ও পিঠা পাঠানোর পরিমাণ নিয়ে বিরোধের কারণে ওই অন্তঃসত্ত্বা নারী নির্যাতনের শিকার হয়েছিলেন বলে তার পরিবারের অভিযোগ।
অভিযোগের নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। যদি দায় প্রমাণিত হয়, তবে অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। কোন উপহার কম দেওয়া বা কোন প্রথা পালন না করা কখনোই অপমান বা নির্যাতনের অজুহাত হতে পারে না।
নাইওরি বা আত্মীয়ের বাড়িতে খাবার পাঠানোর রীতি পরিবারের কাছে ঐতিহ্য ও ভালোবাসার অংশ। পরিবর্তনের অর্থ ঐতিহ্য বিলোপ নয়, বরং তার সৌন্দর্য রক্ষা করা। স্বেচ্ছায় দেওয়া উপহার এবং চাপ দিয়ে আদায় করা সম্পদ এক নয়। বিয়ের আগে দুই পরিবারের মধ্যে বোঝাপড়া প্রয়োজন। কোন উপহার বাধ্যতামূলক নয় এবং সামর্থ্যের বাইরে ব্যয়েরও প্রয়োজন নেই। স্ত্রীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় স্বামীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নির্যাতনের দায় যার, তাকে তার দায় নিতে হবে। পারিবারিক সম্পর্কের দোহাই দিয়ে কাউকে দায়মুক্ত রাখা যায় না। উপহার নিয়ে কটাক্ষ বা চাপ সৃষ্টি হলে পরিবার ও আত্মীয়স্বজনের নীরব থাকা উচিত নয়। প্রথা টিকে থাকুক তার সৌন্দর্যে, মানুষের চোখের জলে নয়। উপহার হোক ভালোবাসার প্রকাশ, কারো সামর্থ্য যাচাইয়ের মাপকাঠি নয়।
লেখক: প্রাক্তন শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিশুরা কেবল আগামীর ভবিষ্যৎ নয়, বরং আজকের পৃথিবীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিশুর কিছু স্বপ্ন থাকে। কেউ শিক্ষক হতে চায়, কেউ চিকিৎসক, আবার কেউ বিজ্ঞানী। আবার কেউ এমন একটি পৃথিবী চায়, যেখানে সবাই নিরাপদে বাঁচতে পারবে, নিজের মতো বেড়ে উঠতে পারবে এবং নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবে। কিন্তু প্রশ্ন হলো, কি প্রত্যেক শিশু তার স্বপ্ন পূরণের সমান সুযোগ পাচ্ছে? আজকের শিশু দিবসের প্রতিপাদ্য প্রায় এসব বিষয়ই তুলে ধরেছে। ‘মাই ডে, মাই রাইটস, মাই ফিউচার’ শীর্ষক প্রতিপাদ্য নির্ধারণ করে ইউনিসেফ শিশুদের কথাটাই বলছে– আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ।
প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হয়। ১৯৮৯ সালের এই দিনে জাতিসংঘ শিশু অধিকার সনদ গৃহীত হয়েছিল। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, প্রত্যেক শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পরিচয়, মতপ্রকাশ, খেলাধুলা এবং বৈষম্যহীনভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। কিন্তু বাস্তবতা কি সেসব অধিকারের প্রতিফলন ঘটায়? বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত চরাঞ্চলের শিশু হয়তো এখনও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর সুযোগ খুঁজছে। নদীভাঙন কিংবা বন্যায় কোনো শিশুর পড়াশোনা বারবার ব্যাহত হচ্ছে। কোনো শিশু অর্থনৈতিক সংকটের কারণে শৈশবেই কাজের দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে। কোনো মেয়ে বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে। আবার কোনো প্রতিবন্ধী শিশু প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের জায়গা খুঁজে পাচ্ছে।
শিশুদের বাস্তবতা শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ-সংঘাত, বাস্তুচ্যুতি, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বৈষম্য এবং ডিজিটাল বিভাজন শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করছে। কোথাও শিশুরা নিরাপদ আশ্রয়ের অপেক্ষায়; কোথাও শিক্ষার সুযোগ, আবার কোথাও নিজেদের মতপ্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। অথচ প্রত্যেক শিশুর অধিকার সমান। তার জন্মস্থান, আর্থিক অবস্থা, লিঙ্গ, ধর্ম, ভাষা কিংবা শারীরিক সক্ষমতা কোনোভাবেই তার অধিকার পাওয়ার পথে বাধা হতে পারে না।
প্রশ্ন হলো, শিশুদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের কথা কি আমরা শুনি? আমরা প্রায়ই শিশুদের জন্য পরিকল্পনা করি; তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলি; তাদের কী হওয়া উচিত তা নির্ধারণ করি। কিন্তু কখনও কি তাদের জিজ্ঞেস করি, তারা আসলে কেমন ভবিষ্যৎ চায়?
একটি শিশু হয়তো বলবে, আমি এমন একটি স্কুল চাই, যেখানে সবাই সমানভাবে শিখতে পারবে। আরেকটি শিশু বলবে, আমি নিরাপদে খেলতে চাই। কেউ হয়তো বলবে, আমি চাই আমার প্রতিবন্ধী বন্ধুটিও আমার সঙ্গে একই শ্রেণিকক্ষে পড়ার সুযোগ পাক। আবার কেউ হয়তো শুধু এটুকুই চাইবে– আমি চাই, বড়রা আমার কথাগুলো মন দিয়ে শুনুক। এই ছোট ছোট চাওয়াই আমাদের মনে করিয়ে দেয়, শিশুদের মতামত কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তাদের মৌলিক অধিকার।
দেশের ভৌগোলিক অবস্থান, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য কিংবা পারিবারিক আর্থিক সক্ষমতা শিশুর বেড়ে ওঠার অভিজ্ঞতাকে ভিন্ন করে তুলতে পারে। ঢাকার ব্যস্ত নগরজীবনে বেড়ে ওঠা শিশু; নদীভাঙনকবলিত কোনো চরাঞ্চলের শিশু; পাহাড়ি জনপদের কোনো শিশু কিংবা প্রতিবন্ধী শিশু– প্রত্যেকের শৈশবের গল্প আলাদা। তাদের প্রতিকূলতাও ভিন্ন। কারও সামনে অনেক সুযোগ, আবার কারও রয়েছে নানা সীমাবদ্ধতা। কিন্তু এই ভিন্নতা কখনোই তাদের অধিকারকে ভিন্ন করে দিতে পারে না।
পাশাপাশি জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি, অনলাইন নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধেও আমাদের সচেতন হতে হবে।
আমরা এমন একটি পৃথিবী চাই, যেখানে কোনো শিশুই তার অধিকার থেকে বঞ্চিত হবে না।
জেরিন তাসনিম: শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), ঢাকা বিশ্ববিদ্যালয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বজুড়ে বহুজাতিক কোম্পানিগুলোর জন্য পরিবেশবান্ধব মনোভাব এখন আর কোনো নৈতিক দায়বদ্ধতা নয়, বরং এটি করপোরেট প্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়ানোর একটি সুচতুর বিজ্ঞাপনী হাতিয়ার হিসেবে পরিণত হয়েছে। বিজ্ঞাপনের রঙিন পর্দায় করপোরেট প্রতিষ্ঠানগুলো নিজেদের পরিবেশপ্রেমী হিসেবে দাবি করছে। তারা প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি এবং বৃক্ষরোপণে নিজেদের উদ্যোগকে বড় করে তুলে ধরছে। তবে, এসব দাবি বাস্তবে কতটা সত্য, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই প্রেক্ষাপটে গ্রিনওয়াশিং বা সবুজ ধোঁকাবাজি ধারণাটি সামনে আসে।
গ্রিনওয়াশিং এমন এক প্রচারণা, যেখানে করপোরেট প্রতিষ্ঠান বা ব্র্যান্ডগুলো নিজেদের পরিবেশবান্ধব এবং পরিবেশ-সচেতন হিসেবে উপস্থাপন করে। ‘গ্রিনওয়াশিং’ শব্দটি আমাদের কাছে নতুন মনে হলেও, পরিবেশবান্ধবতার প্রচারণার আড়ালে ব্যবসায়িক স্বার্থ রক্ষার্থে এর প্রবণতা অনেক পুরোনো। এই বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে ১৯৮৬ সালে। ‘গ্রিনওয়াশিং’ শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিকার পরিবেশকর্মী জে ওয়েস্টারভেল্ট। পরবর্তী সময়ে পরিবেশবান্ধবতার নামে বিভ্রান্তিকর প্রচারণাকে বোঝাতে ‘গ্রিনওয়াশিং’ বা ‘সবুজ ধোঁকাবাজি’ শব্দটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশেও গ্রিনওয়াশিংয়ের প্রভাব লক্ষ করা যাচ্ছে।
বর্তমান সময়ে পরিবেশ সুরক্ষা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। অনেক ভোক্তা এখন পণ্য কেনার সময় যাচাই করেন, পণ্যটি পরিবেশবান্ধব কি না। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের কিছু করপোরেট প্রতিষ্ঠান বা ব্র্যান্ড নিজেদের পণ্য ও কার্যক্রমকে পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরছে। বাংলাদেশের মানুষের পরিবেশ নিয়ে সচেতন হওয়ার অন্যতম প্রধান কারণ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। ফলে প্রতিষ্ঠানগুলো বৃক্ষরোপণ ও প্লাস্টিক পরিহারের মতো বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করছে। পণ্যের মোড়ক, লোগো, বিজ্ঞাপন ও প্রচারণায় পরিবেশবান্ধব, ইকো-ফ্রেন্ডলি, শতভাগ প্রাকৃতিক ও টেকসই—এ ধরনের শব্দ ব্যবহার করে ভোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলো দাবি করছে, তাদের সব কার্যক্রম পরিবেশবান্ধব। অথচ তাদের কার্যক্রম বা দাবির সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য নেই। অর্থাৎ পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বদলে নিজেদের ভাবমূর্তি সবুজ বা পরিবেশবান্ধব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই পরিবেশবান্ধব ভাবমূর্তি তৈরির আড়ালে রয়েছে অর্থনৈতিক হিসাবনিকাশ এবং সর্বোচ্চ মুনাফা অর্জনের চেষ্টা।
করপোরেট প্রতিষ্ঠানগুলো যদি সত্যিকার অর্থে পরিবেশবান্ধব হতে চায়, তাহলে তাদের প্রযুক্তি, গবেষণা, বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণে বিনিয়োগ করতে হবে, যা অনেক প্রতিষ্ঠানের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। ফলে অনেক প্রতিষ্ঠান প্রকৃত পরিবেশবান্ধব কার্যক্রম হিসেবে শুধুমাত্র বিজ্ঞাপন ও প্রচারণার পথ বেছে নেয়। বিজ্ঞাপন ও প্রচারণার মাধ্যমে যদি পরিবেশবান্ধব ভাবমূর্তি তৈরি করা যায়, তাহলে তা তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। এভাবে কম খরচে প্রতিষ্ঠানগুলো সহজেই ভোক্তাদের আকৃষ্ট করতে পারে। ফলে পণ্যের চাহিদা ও বিক্রি বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মুনাফাও বৃদ্ধি পায়। এভাবে গ্রিনওয়াশিং বা সবুজ ধোঁকাবাজির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো লাভবান হলেও এর নেতিবাচক প্রভাব পড়ে ভোক্তা এবং পরিবেশের ওপর। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে আমাদের পরিবেশ। পরিবেশ দূষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে প্রচারণায় গুরুত্ব দেওয়ায় নদী-নালা, বায়ু ও বনাঞ্চলের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। শুধু তা-ই নয়, পরিবেশবান্ধব মনে করে পণ্য কিনলেও পরে ভোক্তারা বিভ্রান্তিতে পড়েন। ফলে ভোক্তারা প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে আস্থা হারান। অন্যদিকে প্রকৃত পরিবেশবান্ধব উদ্যোগের বদলে প্রচারণাকে বেশি গুরুত্ব দেওয়ায় পরিবেশ রক্ষার কার্যকর পদক্ষেপ বাধাগ্রস্ত হচ্ছে। এটি শুধু বাণিজ্যিক প্রতারণা নয়, বরং পরিবেশ রক্ষায় সচেতন মানুষদের বিশ্বাসের সঙ্গেও এক ধরনের প্রতারণা।
গ্রিনওয়াশিং বা সবুজ ধোঁকাবাজির এই ফাঁদ থেকে পরিবেশকে সত্যিকার অর্থে টেকসই করতে হলে প্রথমত, রাষ্ট্রীয় আইনি পর্যায়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, করপোরেট প্রতিষ্ঠান বা ব্র্যান্ডগুলোর পরিবেশবান্ধব দাবিগুলোর যথাযথ যাচাই ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং এ ধরনের দাবির পক্ষে বৈজ্ঞানিক ও ল্যাব টেস্টের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক করতে হবে। তৃতীয়ত, মিথ্যা বা বিভ্রান্তিকর প্রচারণা প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানাসহ কঠোর শাস্তির ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। চতুর্থত, গ্রিনওয়াশিং বা সবুজ ধোঁকাবাজি বন্ধ করতে শুধু কঠোর আইন নয়, প্রয়োজন প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলতা ও ভোক্তাদের সচেতনতা এবং ভোক্তাদেরও পণ্য কেনার সময় এর পরিবেশবান্ধবতার দাবির সত্যতা যাচাই করা প্রয়োজন। পঞ্চমত, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ষষ্ঠত, পরিবেশ রক্ষায় নেওয়া উদ্যোগগুলোর বাস্তব ফলাফল নিয়মিতভাবে প্রকাশ করতে হবে। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য হতে হবে পরিবেশ রক্ষায় বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়া।
প্রকৃত পরিবেশবান্ধব কার্যক্রম ও সঠিক তথ্যই ভোক্তাদের আস্থা ফিরিয়ে আনতে পারে। সেই সঙ্গে করপোরেট প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্র ও ভোক্তাদের সম্মিলিত সচেতন ও প্রচেষ্টাই পারে গ্রিনওয়াশিং বা সবুজ ধোঁকাবাজি রোধ করতে। এই সম্মিলিত প্রচেষ্টায় গ্রিনওয়াশিং রোধ করে গড়ে তুলতে হবে পরিবেশবান্ধব ও বাসযোগ্য পৃথিবী।
লেখক: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইডেন মহিলা কলেজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ‘সুপার সেল কার বাজারের’ আয়োজন। টানা ১০ সপ্তাহের সাফল্যের পর, এটি একাদশবারের মতো গাড়ি কেনাবেচার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ক্রেতারা এখানে তাদের পছন্দের গাড়িটি কিনতে পারবেন এবং পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়িটিও সঠিক দামে বিক্রি করার সুযোগ পাবেন। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি কেনাবেচার আয়োজন প্রতি শুক্রবার নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। ক্রেতারা এখানে ঝক্কিঝামেলা ছাড়াই পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে সক্ষম হচ্ছেন। প্রয়োজন হলে, নিজের ব্যবহৃত বাইক কিংবা চার চাকার গাড়িও বিক্রির সুযোগ রয়েছে।
‘সুপার সেল কার বাজার’ উদ্বোধনী দিনেই অনেকের দৃষ্টি আকর্ষণ করে। অনেক ক্রেতার মতে, এই শহরের ব্যস্ততার মধ্যে এমন আয়োজন নিঃসন্দেহে স্বস্তিদায়ক। ক্রেতাদের নিয়মিত স্বস্তি দিতে শুক্রবার সকাল ১১টায় শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’। নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকবে এই কার বাজারে।
উদ্যোক্তাদের মতে, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে আইসিসিবি রয়েছে।
এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ব্যক্তিগত মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ