প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলার ফলে সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও, ইরানের কাছে আনুমানিক এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র এখনো মজুত রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল রোববার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে প্রশ্নের সম্মুখীন করেছে, যেখানে তিনি দাবি করেছিলেন যে, ইরানের সামরিক সক্ষমতা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
সংবাদপত্রটি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, গোয়েন্দা মূল্যায়নের তথ্য অনুযায়ী, ইরানের হাতে উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে যদি নতুন করে সংঘাত শুরু হয়, তবে দেশটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রাখে।
তবে, কর্মকর্তারা জানিয়েছেন যে, এই মূল্যায়নের বিষয়ে গোয়েন্দাদের আস্থার মাত্রা কম। কারণ, ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে নিক্ষেপের উপযোগী এবং কতগুলো এখনো মজুত অবস্থায় রয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের পূর্বের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পুনর্গঠনের প্রক্রিয়া ধীর গতিতে চলছে। তবে দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে, যা আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বজায় রেখেছে।
এতে বলা হয়েছে, ইসরাইলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে এক হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন আঞ্চলিক মূল্যায়নে ভিন্নতা দেখা যাচ্ছে।
মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন মন্তব্য করেছেন যে, নিম্নতম হিসাবটিও সঠিক হলে, যুদ্ধের পূর্বের তুলনায় ইরান তার ক্ষেপণাস্ত্র ভান্ডারের অর্ধেকেরও বেশি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা তুলে ধরেছে।
এদিকে, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু না করে, নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পথ বেছে নিয়েছে।
অন্যদিকে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে সতর্ক রয়েছে। তবে, ইসরায়েল এখনো ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
সূত্র: আনাদোলু
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন