ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিকীকরণের প্রতিবাদে ইউরোপজুড়ে ঐক্যবদ্ধ হচ্ছেন বিক্ষোভকারীরা


জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিকীকরণের প্রতিবাদে ইউরোপজুড়ে ঐক্যবদ্ধ হচ্ছেন বিক্ষোভকারীরা

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিকীকরণসহ বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টির লক্ষ্যে শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন বিক্ষোভকারীরা। তারা অভিন্ন দাবিতে একত্রিত হয়ে একই সময়ে সমন্বিত বিক্ষোভ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউরোপের কয়েকটি দেশে চলমান বিক্ষোভের ধারাবাহিকতায় ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, স্পেন, ইতালি, পর্তুগাল ও গ্রিসের শ্রমিক সংগঠন এবং আন্দোলনকর্মীরা শুক্রবার ও আগামী সপ্তাহান্তে একযোগে সমাবেশের ডাক দিয়েছেন।

আরও পড়ুন: সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেনের হোদেইদা বন্দর খালি করার নির্দেশ

বিভিন্ন দেশের বিক্ষোভের কারণ ও দাবি ভিন্ন হলেও লাখ লাখ মানুষকে রাজপথে নামাতে সক্ষম এমন কিছু অভিন্ন সমস্যা বিদ্যমান। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া ও আবাসন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, শিক্ষার পরিবেশের অবনতি, দীর্ঘদিন ধরে মজুরি স্থিতিশীল থাকা এবং সামরিক খাতে ব্যয় বৃদ্ধি।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পাঁচ বছর পূর্তির কাছাকাছি সময়ে এবং স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

তরুণদের নেতৃত্বাধীন একটি জোট জানিয়েছে, ২৫টির বেশি দেশের তরুণেরা এসব বিক্ষোভে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রুরো শহরে বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা করা ১৭ বছর বয়সী শিক্ষার্থী জেনর টিনডেল-বিস্কো বলেন, ‘সারা দেশে তরুণদের মতামত তুলে ধরার এবং নিজেদের ভবিষ্যতের জন্য ব্যবস্থাগত ও তাৎক্ষণিক পরিবর্তনের প্রয়োজনীয়তা জানানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন।’

আরও পড়ুন: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না: ভারত বলেছে

তিনি আরও বলেন, ‘তরুণদের কণ্ঠস্বরের শক্তি এবং প্রাপ্তবয়স্কদের নেতৃত্বাধীন সমাজে এর প্রভাবের বিষয়ে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি ফ্রান্সের তরুণদের চলমান আন্দোলনের কথাও উল্লেখ করেন।

‘ব্যবস্থার আমূল পরিবর্তন চাই’

তরুণদের নেতৃত্বাধীন জোট বর্তমান সমাজব্যবস্থার ‘আমূল পরিবর্তনের’ আহ্বান জানিয়েছে। তারা সামরিকীকরণ ও সামাজিক অবিচারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুন: এক দশক পর জুরফ আল-সাখারে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ফেরানোর উদ্যোগ ইরাকের

৫০টির বেশি তরুণ ও শিক্ষার্থী সংগঠনের সমন্বয়ে গঠিত জোটটির স্লোগান, ‘তাদের যুদ্ধের জন্য নয়, নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করো!’

আন্দোলনের আয়োজকদের মধ্যে রয়েছে ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনও। ২০১৮ ও ২০১৯ সালে রাজপথের বিক্ষোভের মাধ্যমে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকারকে চাপে ফেলেছিল এই আন্দোলন।

শ্রমিক সংগঠন ও আবাসন অধিকারকর্মীরা ছয়টি প্রধান দাবি সামনে এনেছেন। এর মধ্যে রয়েছে সবার জন্য আবাসনের অধিকার নিশ্চিত করা, ধনীদের ওপর কর বাড়ানো এবং সামরিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বৃদ্ধির নীতি বন্ধ করা।

রাশিয়ার হুমকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যখন সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে, তখন বিক্ষোভের আয়োজকেরা বলছেন, সামরিক খাতে ব্যয়ের জন্য বরাদ্দ অর্থ শিক্ষা, তরুণদের কল্যাণমূলক কর্মসূচি ও আবাসন খাতে ব্যয় করা উচিত।

আরও পড়ুন: হঠাৎ দিল্লি সফরে পাকিস্তানের মন্ত্রী-নেপথ্যে কী?

জার্মানিতে সামরিক বাধ্যতামূলক নিয়োগব্যবস্থা আবার চালু হতে পারে—এমন আশঙ্কায় অনেক তরুণ এই বিক্ষোভে যোগ দিচ্ছেন।

জার্মানির শিক্ষার্থী বিক্ষোভকারী হানেস ক্র্যামার বলেন, ‘সামরিক বাহিনী ও সামরিক অবকাঠামো গড়ে তুলতে যখন প্রায় সীমাহীন অর্থ ব্যয় করা হচ্ছে, তখন কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা ভেঙে ফেলা হচ্ছে।’

‘পরিবর্তনের ডাক’

আয়োজকদের দাবি, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে শত শত বিক্ষোভ ও ধর্মঘটের কর্মসূচি পালিত হতে পারে। তবে এসব কর্মসূচিতে মোট কত মানুষ অংশ নেবেন, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ

ফ্রান্সে এবারের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে ইয়েলো ভেস্ট আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

ইতালিতে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এমন একটি দেশব্যাপী ধর্মঘটের সঙ্গে একই সময়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। দেশটির শ্রমিক সংগঠন সিজিআইএল এই আন্দোলনকে ‘দেশের পরিবর্তনের ডাক’ হিসেবে অভিহিত করেছে।

স্পেনে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর বার্ষিকীর দিনে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সেখানে দুপুরে তরুণদের বিক্ষোভ এবং সন্ধ্যায় ফ্যাসিবাদবিরোধী সমাবেশের পরিকল্পনা রয়েছে।

জার্মানিতে ‘জেনজি রেগেল্ট’ নামের একটি সংগঠন জানিয়েছে, শুধু বার্লিনেই তাদের বিক্ষোভে ১৫ হাজার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশটির আরও কয়েক ডজন শহরে কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন: নেতানিয়াহুর দল মসজিদে আগুন দিতে উসকানি দিয়েছিল

গত সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সের শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশের দাবিতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে আন্দোলন শুরু করেন। ইউরোপের অন্যান্য দেশে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পেছনে এই কর্মসূচি অনুপ্রেরণা জুগিয়েছে।

পরবর্তী সময়ে শিক্ষার্থীদের এই আন্দোলন দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারি সেবার মানের অবনতি এবং পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

বিক্ষোভ চলাকালে পুলিশের ব্যবহৃত অস্ত্রের আঘাতে কয়েকজন তরুণ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ কেউ হাত হারিয়েছেন। এ ছাড়া কাঁদানে গ্যাসের কারণে মারাত্মক শারীরিক সমস্যার শিকার হওয়ার অভিযোগ জানিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।

ফ্রান্সের এই আন্দোলন বেলজিয়াম, ইতালি ও স্পেনসহ অন্যান্য দেশে শিক্ষার্থীদের একই ধরনের কর্মসূচিতে উৎসাহিত করেছে। এসব দেশে ফরাসি শব্দ ‘ব্লকুস’, যার অর্থ অবরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হ্যাশট্যাগে পরিণত হয়েছে।

ফরাসি ইতিহাসবিদ সিলভাঁ বুলুক বলেন, ‘আমরা একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলন গড়ে উঠতে দেখছি।’

তিনি আরও বলেন, ‘প্রায় সব বিক্ষোভের মধ্যে যে বিষয়টি অভিন্ন, তা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক কর্তৃপক্ষের প্রতি মানুষের অবিশ্বাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩০ এম


সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা প্রতিমন্ত্রীর বাসার বাইরের ফটকে আগুন লাগানোর চেষ্টা করে। তবে পুলিশ জানিয়েছে, এটি পেট্রলবোমা নয় বরং পলিথিন পুড়িয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রতিমন্ত্রীর বাসার প্রধান ফটকের কাছে আরো দুই-তিনটি বাসা অবস্থিত। এর খুব কাছেই একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। ফটকের নিচে কিছু পোড়া ছাই পড়ে থাকতে দেখা যায়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আলামত দেখে মনে হয়েছে, ভোররাতে কেউ পলিথিন দিয়ে প্রধান ফটকে আগুন লাগানোর চেষ্টা করেছিল। ঘটনাস্থলের ফটকের নিচে কিছু ছাই পড়ে রয়েছে।

তিনি আরো জানান, ওই ফটকের ভেতরে প্রতিমন্ত্রীর বাসার পরে আরো দুটি বাসা রয়েছে। পাশাপাশি সেখানে একটি পুলিশ ফাঁড়িও অবস্থিত। বিষয়টি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবং সেখানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাসের শুরু হতে পারে। প্রতিবছর রমজান মাস ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। এই বিষয়টি হিসাব করে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো তথ্যটি প্রকাশ করেছে। তবে রমজান ও ঈদুল ফিতরের নির্দিষ্ট তারিখ সম্পূর্ণরূপে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান মাস ১০ থেকে ১২ দিন এগিয়ে চলে। সেই ধারাবাহিকতায়, ২০২৭ সালের রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০-১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হবে। যদি ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়, তাহলে সেই রাতেই প্রথম তারাবি অনুষ্ঠিত হবে এবং পরদিন থেকে রোজা শুরু হবে। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

রমজান সাধারণত ২৯ বা ৩০ দিন স্থায়ী হয় এবং ঈদুল ফিতর শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে অনুষ্ঠিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ, কারণ এই মাসেই মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং নামাজ, তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেন।

২০২৭ সালের রমজানকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে মুসলিম দেশগুলো মসজিদ ও জনসেবামূলক কাজের প্রস্তুতি গ্রহণ করবে। পাশাপাশি, ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ঘোষণা করবে।

যদিও ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে গণ্য করা হচ্ছে, এর চূড়ান্ত ঘোষণা ধর্মীয় কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে, যা মূলত চাঁদ দেখার বিষয়টির ওপর প্রতিষ্ঠিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আগামী ২২ নভেম্বর রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টায় রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, ১৭ নভেম্বর জারি করা আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে পুলিশের ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ এম


চট্টগ্রামে পুলিশের ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য

চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকায় পুলিশের ভ্যানে একটি বাসের ধাক্কায় অন্তত ছয়জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামগামী একটি বাস চিনকি আস্তানা এলাকায় পুলিশ ভ্যানটিকে ধাক্কা দেয়।

আহত পুলিশ সদস্য শফিক ও রানাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য চারজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রাকিবুল জানান, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%