প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পৃথিবী আগামী কয়েক বছরের মধ্যে প্যারিস চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক উষ্ণায়নের ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বিপজ্জনক সীমা অতিক্রম করবে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) দ্বারা প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে এই উদ্বেগজনক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যদিও দেশগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কার্বন নিঃসরণ শূন্যের স্তরে নামিয়ে আনতে সক্ষম হয়, তথাপি প্রাক-শিল্প স্তরের তুলনায় তাপমাত্রা ১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতির ফলে হিমবাহ, বরফস্তর এবং তুষারপাতের ব্যাপক পরিবর্তনসহ মারাত্মক জলবায়ু বিপর্যয়ের সম্মুখীন হবে বিশ্ব। ২১০০ সালের মধ্যে হিমবাহগুলো তাদের এক-চতুর্থাংশ ভর হারাতে পারে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৯ থেকে ১২.৫ সেন্টিমিটার পর্যন্ত বাড়াতে পারে এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট সৃষ্টি করবে। গত ২৬ আগস্ট হিমবাহ ধসে নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু এই পরিস্থিতির একটি নির্মম উদাহরণ।
ইউএনইপি-র নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসন সতর্ক করে বলেছেন, ১.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে কোনো ইতিবাচক পরিণতি আশা করা যায় না। চরম তাপপ্রবাহ বর্তমানে জলবায়ুর প্রভাব কতটা মারাত্মক হতে পারে তা স্পষ্ট করে দিচ্ছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও সাম্প্রতিক দাবদাহ ও বন্যাকে ভবিষ্যতের অশনিসংকেত হিসেবে উল্লেখ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রবাল প্রাচীরের ধ্বংস, দাবানল এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো অপরিবর্তনীয় ক্ষতি ঘটবে। অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বরফ এবং আমাজনের মতো প্রাকৃতিক ব্যবস্থাগুলো চিরতরে পরিবর্তিত হতে পারে।
‘লিমিটিং ওভারশুট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপর্যয় থেকে রক্ষা পেতে অবিলম্বে গ্রিনহাউস গ্যাস কমানোর পাশাপাশি বাতাস থেকে কার্বন সরিয়ে ফেলার (সিডিআর) কোনো বিকল্প নেই।
তবে ইউএনইপি হতাশা প্রকাশ করে জানিয়েছে, দেশগুলোর বর্তমান জলবায়ু প্রতিশ্রুতি মোটেও যথেষ্ট নয়। ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন কমার পরিবর্তে স্থির থাকার আশঙ্কা রয়েছে, যা প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রার তুলনায় অনেক দূরে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন