প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রতিষ্ঠার ৩৬ বছর অতিক্রম করলেও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় নাগরিকদের দুর্ভোগ কমেনি। পৌরবাসী সড়কের বেহাল দশা, অপর্যাপ্ত ড্রেনেজ এবং জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে রয়েছেন। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে পৌর কর্তৃপক্ষ ৪৫টি অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের একটি তালিকা প্রস্তুত করেছে। প্রথম পর্যায়ে সাতটি প্রকল্পের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা।
ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার ডিটেইলস অব প্রায়োরিটি সাব-প্রজেক্ট শীর্ষক নথিতে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর এসব উন্নয়নমূলক কাজের জন্য আবেদন করা হয়েছে। প্রকল্পগুলোর অর্থায়নে বিশ্বব্যাংককে উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বাস্তবায়নকারী সংস্থা হিসেবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এবং কালীগঞ্জ পৌরসভা রয়েছে।
প্রথম পর্যায়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝিনাইদহ-যশোর সড়কের পাশের খাল পর্যন্ত রাস্তা, ড্রেন এবং সড়কবাতি নির্মাণে ৩ কোটি ৩৫ লাখ টাকা, কলাহাট থেকে কালীবাড়ী হয়ে নলডাঙ্গা সড়কের মসজিদ পর্যন্ত উন্নয়নে ৫ কোটি ৮০ লাখ টাকা, আসাদ সাহেবের বাড়ি থেকে চিত্রা নদী পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণে ছয় কোটি পাঁচ লাখ টাকা এবং হেলাই থেকে দক্ষিণ পাইকপাড়া হয়ে চিত্রা নদী পর্যন্ত উন্নয়নে ছয় কোটি তিন লাখ ৭৫ হাজার টাকা।
এছাড়া খাদ্যগুদাম মসজিদ থেকে বলিদাপাড়া খাল পর্যন্ত ড্রেন এবং সুবল ড্রাইভারের বাড়ি থেকে চিত্রা নদী পর্যন্ত রাস্তা নির্মাণে ৩ কোটি ৫০ লাখ টাকা, নির্মলা বাসস্ট্যান্ড থেকে গোঁসাই বাড়ি হয়ে চিত্রা নদী পর্যন্ত সড়ক উন্নয়নে ১২ কোটি ২৫ লাখ টাকা এবং বলিদাপাড়া পূর্বপাড়া থেকে বড় রায়গ্রাম পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
৪৫টি প্রকল্পের তালিকায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়নের পাশাপাশি কালীগঞ্জ বাসস্ট্যান্ডে সুপার মার্কেট ও কিচেন মার্কেট নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে বলিদাপাড়া সড়কের ১ হাজার ৮৫ মিটার এবং শ্রীরামপুর সড়কের ১ হাজার ২৯০ মিটার উন্নয়নকাজ চলছে। বাসস্ট্যান্ড থেকে বড়বাজার ও থানা সড়কসহ কয়েকটি সড়কের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলেও বর্ষার কারণে কাজ শুরু হয়নি।
এলজিইডির মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০০৯ সালে পৌর এলাকার সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য ছিল ১০৯ দশমিক ৭৯ কিলোমিটার। বর্তমানে মোট সড়কের দৈর্ঘ্য ১২৯ দশমিক ৫ কিলোমিটার, যার মধ্যে পাকা ৬৫, কাঁচা ৩৫, আধাপাকা ২৫ এবং সিসি বা আরসিসি সড়ক সাড়ে চার কিলোমিটার।
কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাসান বলেন, "পৌরসভার উন্নয়নে ৪৫টি অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের তালিকা তৈরি করে আবেদন করা হয়েছে। প্রথম পর্যায়ে সাতটি প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে সড়ক যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন