প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর দয়াগঞ্জ ও ধোলাইপাড়ের মাঝামাঝি সড়কে একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় প্রমোৎ সরকার (৬৫) নামের ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রমোৎ সরকারকে হাসপাতালে নিয়ে আসা ব্যাটারিচালিত রিকশাচালক মো. রুবেল জানিয়েছেন, বিকেল আড়াইটার দিকে দয়াগঞ্জ ও ধোলাইপাড়ের মাঝামাঝি সড়কে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে আসেন প্রমোৎ সরকারের পরিচিত কল্যাণ কুমার সিংহ। তিনি বলেন, বিকেলে প্রমোৎ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে খবর পান। পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
প্রমোৎ সরকার মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার পাহাড়ি গ্রামের মৃত রাম হরি সরকারের ছেলে। তিনি রাজধানীর বাংলাবাজারের হেমেন্দ্র দাশ রোডের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন