০৫:০২ পি.এম
আইনের রক্ষক হিসেবে কর্তব্য পালন করার বদলে সরকারি দলের নেতারা ভক্ষকের ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সিলেট ও হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানেই হামলা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আহত এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির এসব কথা বলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘কথা বলার অধিকার এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার দেশের প্রতিটি নাগরিক ও দলের রয়েছে। নাগরিকদের এই মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’
হবিগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, এই হামলার ঘটনায় এরইমধ্যে এনসিপির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে সরকারের এখন কী ধরনের আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে, তা পুরো দেশবাসী দেখার অপেক্ষায় রয়েছে।
এনসিপি নেতাদের বিরুদ্ধে উল্টো চুরির মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের আমির বলেন, বিরোধী দল ও ভিন্নমতের ওপর এ ধরনের হয়রানি এবং মিথ্যা মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সামনে আবারও এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে হামলার আশঙ্কা প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দেন যে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার অপচেষ্টা করার ক্ষেত্রে তা বরদাশত করা হবে না। যেখানেই হামলা হবে, সেখানেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন