প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফে জায়গা নিয়ে বিরোধের কারণে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ বিষয়ে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
নিহত শফি উল্লাহ (২২) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়া এলাকার বাসিন্দা হাফেজ মুখতার আহমদের ছেলে। তিনি হ্নীলাস্থ মাঈনুদ্দীন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বড় ভাই সিদ্দিক আহমদ অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে তাদের বাড়িতে যাতায়াতের পথটি বন্ধ করে রেখেছেন কামাল আহমদ এবং তার লোকজন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তারা কোনো সমাধানে রাজি হননি। চলাচলের পথ ছেড়ে দেয়ার জন্য কামাল আহমদ চাঁদাও দাবি করেছিলেন। এ ঘটনার জন্য আদালতে দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে।
এছাড়া তিনি অভিযোগে আরও জানান, শনিবার (৪ জুলাই) ওই মামলার তদন্তে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে থেকেই উৎপেতে থাকা কামাল আহমদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এই হামলায় তার চার ভাই আবু বক্কর, হাবিব উল্লাহ এবং শফি উল্লাহসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত শফি উল্লাহ মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি বমি করলে প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূলত যাতায়াতের জায়গা নিয়ে বিরোধের কারণে দুই পক্ষের এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন