প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় জনতা তিনজনকে গরু চোর সন্দেহে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। এ সময় উত্তেজিত এলাকাবাসী একটি বসত ঘর ও একটি গোয়াল ঘরে অগ্নিসংযোগ করে। ফলে উক্ত দুটি ঘর সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে যায়। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আজিজ মীরার (৬৫) গোয়াল ঘর থেকে একটি চোরাই গরু উদ্ধার করে স্থানীয় কিছু ব্যক্তি। এ সময় আজিজ মীরা ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায় ওই ব্যক্তিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আজিজ মীরার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। জরুরি সেবা নম্বরের ফোন পেয়ে স্থানীয় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানান, সম্প্রতি সময়ে তাদের এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এ কারণে বুধবার দিবাগত রাত তিনটা পর্যন্ত তিনি তার গোয়ালঘর পাহারা দিয়েছেন। পরে ঘুমিয়ে পড়েন। কিছু সময় পর গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে রাতেই গরু খুঁজতে বের হন।
আদম আলী শিকদার বলেন, রাতে বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। ওই পায়ের ছাপ অনুসরণ করে তিনি একই গ্রামের আজিজ মীরার বাড়ির দিকে যান। সেখানে গিয়ে আজিজ মীরাকে গরু পালনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান যে, তিনি গরু পালন করেন না। পরে তার (আজিজ) গোয়ালঘরে গরুর শব্দ পেয়ে সেখানে গিয়ে আদম আলী তার গরুটি শনাক্ত করেন।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন, সম্প্রতি সময়ে শাহাজিরা, সাকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে করে গরুর খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শাহজিরা গ্রামের বাসিন্দা মৃত ওসমান খানের ছেলে নাসির খান অভিযোগ করেন, তার একটি গরু গত ১০ দিন পূর্বে হারিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তিনি আজিজ মীরার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে সেখানে যান। পরে তিনি আজিজ মীরার গোয়াল ঘরের পাশে গোবরের গাদা থেকে গরুর রশি ও তার গরুর চামড়ার অংশ দেখতে পান। নাসির খান ধারণা করছেন, তার গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। উভয় ঘটনার খবর সকালে এলাকায় ছড়িয়ে পড়লে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রমতে, আজিজ মীরাকে জনতার হাতে ছেড়ে দেয়ার জন্য উত্তেজিত জনতা পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা (এলাকাবাসী) সকাল সাতটার দিকে আজিজ মীরার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও পাশ্ববর্তী আগরপুর তদন্ত কেন্দ্রের একটি দল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে গরুর চুরির অভিযোগে আজিজ মীরা ও শ্যালকের পুত্র গৌরনদীর গোবর্দ্ধন বড়বাড়ি এলাকার বাসিন্দা সাকিল হোসেন এবং আগরপুর এলাকা থেকে নয়ন শিকদার নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
স্থানীয়রা আরও জানিয়েছেন, পুলিশ আটককৃতদের নিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর সকাল দশটার দিকে কিছু ব্যক্তি আজিজ মীরার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ফের ঘটনাস্থলে আসার পূর্বেই ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। অগ্নিসংযোগের ফলে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গরু চুরির ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন