প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে হোটেলে অবস্থানরত শতাধিক পর্যটকের মধ্যে। নিরাপত্তার কারণে অনেকে রাস্তায় বের হয়ে আসেন। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় অবস্থিত কক্স অ্যাম্বাসেডর নামের আবাসিক হোটেলের ৮ম তলায় এসি থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেলটির ৮ তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছিল। এতে একটি কক্ষ পুড়ে গেছে। তবে আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে ৩টি বসতঘর এবং ৪টি দোকান আগুনে পুড়ে যায়। এর আগে ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভ সড়কের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্যমতে, কক্সবাজারজুড়ে পরিচালিত ছয় শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে ফায়ার লাইসেন্স নবায়ন করেছে মাত্র ১২৫টি। ফলে এসব প্রতিষ্ঠানের সরকারি নিয়মনীতি মেনে চলা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান এক জরিপে জেলাজুড়ে ৬৮৩টি হোটেল, মোটেল ও রিসোর্ট, ২৪০টি রেস্তোরাঁ ও ক্যাফে এবং ১২৭টি বেকারি চিহ্নিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এগুলোর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে মাত্র ১২৫টি হোটেল ও রিসোর্ট ফায়ার লাইসেন্স নবায়ন করেছে। গত অক্টোবর পর্যন্ত ফায়ার সার্ভিস অনলাইনে ফায়ার লাইসেন্সের জন্য ৭৩টি আবেদন পেয়েছে। এর মধ্যে ২৩টি লাইসেন্স দেওয়া হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ওই জরিপে ৭ লাখ ১ হাজার ৭৪৭টি আবাসিক, অনাবাসিক ও বাণিজ্যিক স্থাপনাও চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মাত্র ২ হাজার ৪৫৫টি স্থাপনার অগ্নিনিরাপত্তা অনুমোদন এবং ৫ হাজার ৬৯৬টির নিরাপদ বহির্গমন পথ রয়েছে। বাকি সব স্থাপনাতেই এসব সুরক্ষা ব্যবস্থা নেই।
ফায়ার সার্ভিস বলছে, হোটেল মালিকরা ফায়ার লাইসেন্স নেওয়া ও নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে বারবার অনীহা দেখিয়েছেন। জানা গেছে, অনেক প্রতিষ্ঠান কেবল পৌরসভা বা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা পরিচালনা করছে।
হোটেল ও রিসোর্টগুলো পরিদর্শন এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন সংশ্লিষ্ট সংস্থা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ট্রেড লাইসেন্স পাওয়ার পূর্বশর্ত হিসেবে ফায়ার লাইসেন্স বাধ্যতামূলক করা এবং ভবন চালুর আগেই অগ্নিনিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, হোটেল ও রিসোর্টগুলো পরিদর্শন করতে এবং লাইসেন্সের আওতায় আনতে ইতিমধ্যে একটি দল গঠন করা হয়েছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, অপরিকল্পিত উন্নয়ন ও আইনি জটিলতা নিরসনে জেলার জন্য মহাপরিকল্পনা তৈরি করা হচ্ছে। অনুমোদনহীন স্থাপনাগুলোকে আইনি নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনতে এই পরিকল্পনা একটি কাঠামো হিসেবে কাজ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন