প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ৬ই আগস্ট, ২০২৬ইং; ০২:৪০ এম
যে প্রক্রিয়ায় হোক না কেনো বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: এমপি শাহজাহান
জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতিগত দিক আছে। কেউ বলে যে, আরেকটি কমিশন করে এটা বাস্তবায়ন করতে হবে, কেউ বলে সংবিধান সংশোধনের মাধ্যমে করতে হবে, কেউ বলে এভাবে করতে হবে। আমার হয়তো বাস্তবায়নের পদ্ধতিগত পার্থক্য থাকতে পারে কিন্তু বাস্তবায়নটা আমাদের দরকার নাকি? যে প্রক্রিয়ায় হোক না কেনো আমি আজকে এখানে দৃঢ়তার সাথে ঘোষণা করে গেলাম বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এমনকি এবিষয়ে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ এবং পুরো সরকার অঙ্গীকারবদ্ধ। এখন হতে পারে আপনি যে প্রক্রিয়ায় চাচ্ছেন সরকার সে প্রক্রিয়ায় নাও করতে পারে। প্রক্রিয়া হয়তো ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান।
বুধবার (৫ আগষ্ট-২০২৬ খ্রিঃ) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্বরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও নোয়াখালী সরকারি কলেজের অবকাঠামো উন্নয়ন, পরিবহন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ক্যাম্পাসে মিছিল পাল্টা মিছিল, ঝগড়া-বিবাদ বাদ দিয়ে আলোচনা ও ডিবেটের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে ছাত্র সংগঠন গুলোর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল, জেলা যুবদলের সেক্রেটারি নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"