প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কেক কাটা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনফারেন্স হলের সামনে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস এবং জুলাই আন্দোলনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম।
প্রধান আলোচক আকবর হোসেন তার বক্তব্যে উল্লেখ করেন, গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের সাথে গভীরভাবে জড়িত। গণতন্ত্রের জন্য গণমাধ্যম অপরিহার্য, তেমনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য গণতান্ত্রিক চর্চা অপরিহার্য। তিনি আরও বলেন, সাংবাদিকতা অন্য পেশার মতো নয়; এই পেশায় আসার পর কেউ প্রশংসা করবে, আবার কেউ নিন্দা করবে—দুটোই গ্রহণ করে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, কিন্তু সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠতা বজায় থাকলে ব্যক্তিগত মতাদর্শ থাকা সত্ত্বেও সবার প্রতি ন্যায়বিচার করা সম্ভব।
তিনি আরও বলেন, একজন সাংবাদিকের স্বাধীনতার সবচেয়ে বড় শক্তি হলো সততা ও পেশাদারিত্ব। এই পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিক সরকার ও ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারেন। গণমাধ্যমের সততা ও পেশাদারিত্বের মাধ্যমে সরকারের স্বচ্ছতা নিশ্চিত হয় এবং প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ তার বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরার জন্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা এবং বরিশাল শহরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
অতিথিদের বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম সবাইকে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ববিসাসের সাধারণ সম্পাদক ও আমার দেশের ববি প্রতিনিধি মাসুদ রানা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন