প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনী জেলার সীমান্তবর্তী ও বন্যা প্রবণ উপজেলা পরশুরামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার আগাম প্রস্তুতিমূলক সচেতনতা সভা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের কর্মসূচি আয়োজন করেছে।
বুধবার দিনটি পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি ফেনী ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে সীমান্তবর্তী এবং বন্যাপ্রবণ এলাকার প্রায় সাড়ে তিন হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া আনুষ্ঠানিকভাবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। ওই ক্যাম্পে স্থাপিত ৮টি বিশেষ বুথে মেডিসিন, গাইনি, চক্ষু ও চর্মরোগসহ বিভিন্ন বিষয়ে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। এর পাশাপাশি রোগীদের বিনামূল্যে ব্লাড টেস্ট, চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনের পরে সকাল ১১টায় সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভার আলোচনায় বহুবিধ বিষয় অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দুপুর ১২টায় এলাকার প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সেই সঙ্গে অতিথিরা দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী বিজিবির সহকারী পরিচালক জসিম উদ্দিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন ভূঁইয়া, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করতে গিয়ে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকার বয়োবৃদ্ধ, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যাসহ যেকোনো দুর্যোগে বিজিবি যেভাবে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় প্রবীণ বাসিন্দা মাওলানা নুরুল হক ও সালেহা খাতুন বিজিবির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, অত্যন্ত আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশে তারা চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন। বিশেষ করে জ্যেষ্ঠ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ায় তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে থাকেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন