প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার হামলায় পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুল আহত হয়েছেন। খবর পেয়ে সহকর্মীরা তাকে প্রথমে বিশ্বনাথ উপজেলা হাসপাতালে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোডে এই ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরে উপজেলা ও পৌর ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপি নেতা বশির আহমদ, শামছুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্যসচিব জাকির হোসেন ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় ছাত্রদল নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তারের জন্য একটি আলটিমেটাম দেন। অন্যথায়, কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি তারা দেন।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি শামীম আহমদ তাঁর ফেসবুক আইডিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করেন। এসব পোস্টের মন্তব্যের ঘরে আবদুল মজিদ বকুল পাল্টা জবাব দেন।
এর জেরে বুধবার সন্ধ্যায় বকুলের বাসায় গিয়ে তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে কমেন্ট করায় সে আমাদের পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে হামলা করেছে। খবর পেয়ে আশপাশে থাকা নেতাকর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন