প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য বাইক রাইড শেয়ারিং জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই সেবায় যাত্রীদের জন্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চালকের দেওয়া হেলমেট ব্যবহার করা। একাধিক ব্যক্তি একই হেলমেট প্রতিদিন ব্যবহার করার ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে নিয়মিত পরিষ্কার না করা হেলমেট থেকে মাথার ত্বক ও মুখে বিভিন্ন ধরনের সংক্রমণের আশঙ্কা রয়েছে।
হেলমেটের অভ্যন্তরীণ অংশ সরাসরি মাথা, কপাল ও মুখের সংস্পর্শে আসে। ব্যবহারের সময় এতে ঘাম, ত্বকের তেল ও ময়লা জমে। নিয়মিত পরিষ্কার না করলে এসব উপাদানের সঙ্গে ব্যাকটেরিয়া ও ছত্রাকের উপস্থিতিও বাড়তে পারে। ফলে একই হেলমেট একাধিক ব্যক্তির ব্যবহারে জীবাণুর সংস্পর্শে আসার ঝুঁকি তৈরি হয়।
২০২১ সালে মাইক্রোঅর্গানিজম জার্নালে প্রকাশিত নেপালের মোটরসাইকেল চালকদের ১৩০টি হেলমেট নিয়ে করা এক গবেষণায় ব্যাকটেরিয়া ও ছত্রাকের উপস্থিতি পাওয়া যায়। গবেষণায় মোট ৩৯২ ধরনের ব্যাকটেরিয়া ও ৩৪৬ ধরনের ছত্রাক শনাক্ত করা হয়। এতে দেখা যায়, ব্যক্তিগত হেলমেটের তুলনায় একাধিক ব্যক্তির ব্যবহৃত হেলমেটে জীবাণুর সংখ্যা বেশি। নিয়মিত পরিষ্কার না করা হেলমেটেও জীবাণুর পরিমাণ ছিল বেশি।
তবে হেলমেটে জীবাণুর উপস্থিতি থাকলেই তা ব্যবহারকারীর শরীরে সংক্রমণ ঘটাবে, এমনটি নিশ্চিত নয়। শেয়ার করা হেলমেট থেকে মানুষের মধ্যে সংক্রমণ কতটা ঘটে, সে বিষয়ে এখনও পর্যাপ্ত গবেষণা নেই।
অপরিষ্কার হেলমেটে যেসব স্বাস্থ্যঝুঁকি
অপরিষ্কার হেলমেট নিয়মিত ব্যবহারে মাথার ত্বক ও ত্বকের বিদ্যমান সমস্যা আরও বাড়তে পারে। বিশেষ করে যাদের মাথার ত্বকে আগে থেকেই সমস্যা রয়েছে, ত্বক সংবেদনশীল কিংবা কোনো ধরনের সংক্রমণ আছে, তাদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন।
হেলমেটে জমে থাকা ঘাম, তেল ও ময়লা ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। পাশাপাশি এতে থাকা জীবাণুর সংস্পর্শে আসার সুযোগও থাকে। তাই রাইড শেয়ারিংয়ের সময় হেলমেট ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতার বিষয়টি অবহেলা করা উচিত নয়।
হেলমেট ব্যবহারে যেসব সতর্কতা মানবেন
বাইক রাইড শেয়ারিংয়ের মাধ্যমে নিয়মিত যাতায়াত করলে সম্ভব হলে নিজের হেলমেট ব্যবহার করাই ভালো। তবে সব সময় তা সম্ভব না হলে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে।
১. হেলমেট ব্যবহারের আগে ভেতরের অংশ পরিষ্কার কি না দেখে নিন। ভেজা, দুর্গন্ধযুক্ত কিংবা অতিরিক্ত নোংরা হেলমেট ব্যবহার এড়িয়ে চলুন।
২. হেলমেটের ভেতরে পরিষ্কার ও ব্যক্তিগত লাইনার বা পাতলা টুপি ব্যবহার করতে পারেন। তবে এতে হেলমেটের সঠিক ফিটিং ও নিরাপত্তা যেন ব্যাহত না হয়।
৩. নিজের হেলমেট অন্য কারও সঙ্গে শেয়ার করলে ব্যবহারের পর ভেতরের প্যাডিং ভালোভাবে পরিষ্কার ও শুকিয়ে নিন।
৪. বাইক চালকদের নিয়মিত হেলমেট পরিষ্কার ও জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। এ ক্ষেত্রে হেলমেট প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করা জরুরি।
৫. প্রতিবার ব্যবহারের পর হেলমেট ভালোভাবে শুকিয়ে রাখুন। দীর্ঘ সময় ভেজা অবস্থায় থাকলে জীবাণু বৃদ্ধির আশঙ্কা তৈরি হতে পারে।
পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তাও জরুরি
হেলমেট পরিষ্কার রাখার পাশাপাশি এর নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। হেলমেট মাথায় সঠিকভাবে বসছে কি না এবং এর স্ট্র্যাপ ভালোভাবে আটকানো আছে কি না, তা নিশ্চিত করা জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সঠিকভাবে মোটরসাইকেলের হেলমেট ব্যবহার করলে প্রাণহানির ঝুঁকি ছয় গুণেরও বেশি কমানো সম্ভব। পাশাপাশি মস্তিষ্কে আঘাতের ঝুঁকি কমতে পারে ৭৪ শতাংশ পর্যন্ত।
তাহলে অপরিষ্কার হেলমেট ব্যবহারের আশঙ্কায় হেলমেট পরা বন্ধ করা কোনো সমাধান নয়। বরং যাত্রী ও বাইকচালক উভয়েরই হেলমেটের পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হওয়া প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন