প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরকে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে সংবাদে এসেছেন চেন্নাই-ভিত্তিক উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন। তবে তিনি এটি প্রকাশ্যে আসার জন্য করেননি। দীর্ঘদিন ধরে তিনি তিরুপতি মন্দিরসহ বিভিন্ন স্থানে দান ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। কিন্তু কখনোই তিনি প্রচারের আলোতে আসতে চাননি। তবে এবার তার দানের বিশালতা গণমাধ্যমকে কৌতুহলী করেছে।
বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে বিশেষভাবে তৈরি ৪৬টি অলংকারের মধ্যে একটি মুকুট, হার, বাজুবন্ধ, কোমরবন্ধ এবং অন্যান্য ঐতিহ্যবাহী গহনা অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে কিছু হীরাখচিত। দান করা ১২১ কেজি স্বর্ণের বাজার মূল্য প্রায় ২০৬ কোটি রুপি। স্ত্রী রাধিকা জৈনকে সাথে নিয়ে করা তার এই দানকে তিরুমালা তিরুপতি দেবস্থানমসের ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ নৈবেদ্য হিসেবে বর্ণনা করা হচ্ছে। সাংবাদিকদের সাথে কথা না বললেও, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন, "ঐশ্বরিক ইচ্ছায় মানত পূরণ করতে তিনি এ দান করছেন।"
বর্ধমান জৈন বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'অ্যাক্সেস হেলথকেয়ার'-এর প্রতিষ্ঠাতা ও ভাইস-চেয়ারম্যান। তিনি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিং-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। চেন্নাইয়ের লয়োলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী জৈন সেখানে পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৯৭ সালে অনুরাগ জৈনের সাথে যৌথভাবে 'ভিশন হেলথসোর্স' প্রতিষ্ঠার মাধ্যমে তার উদ্যোক্তা জীবন শুরু হয়। প্রতিষ্ঠানটি মেডিকেল বিলিং এবং স্বাস্থ্যসেবা দাবি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ ছিল, যা ২০০৩ সালে পেরট সিস্টেমস অধিগ্রহণ করে নেয়। ২০০৯ সালে ডেল পেরট সিস্টেমস অধিগ্রহণ করার পর, জৈন ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। সেখানে তিনি ১০০টিরও বেশি ক্লায়েন্টের সেবা তদারকি করতেন এবং প্রায় ৯ হাজার কর্মীর একটি দল পরিচালনা করতেন।
পরবর্তীতে তিনি অ্যাক্সেস হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন এবং এটিকে একটি আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা আউটসোর্সিং ও প্রযুক্তি ব্যবসায় পরিণত করেন। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা কার্যক্রম সহজতর করতে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ব্যবহারের ওপর গুরুত্ব দেয়। ২০২৫ সালের জানুয়ারিতে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রাইভেট ইক্যুইটি ফার্ম 'নিউ মাউন্টেন ক্যাপিটাল' কম্পানিটির সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব নেওয়ার জন্য একটি কৌশলগত বিনিয়োগের ঘোষণা দেয়, যার আনুমানিক মূল্য ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার বলে জানা গেছে।
ব্যবসার বাইরেও বর্ধমান জৈন বেশ কয়েকটি দাতব্য উদ্যোগের সাথে যুক্ত। তিনি 'শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্ট'-এর ব্যবস্থাপনা ট্রাস্টি, যা শিক্ষা, ক্ষুধা নিবারণ এবং জরুরি স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদান করে। এ ছাড়া সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তিনি 'আবিষ্কার' নামে একটি উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন। চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের সাথে যুক্ত থাকার মাধ্যমে তার জনহিতকর কাজ শিশু স্বাস্থ্যসেবা খাতেও বিস্তৃত রয়েছে।
তিরুপতি মন্দিরের সাথে তার সম্পৃক্ততাও বেশ কয়েক বছরের পুরনো। সর্বশেষ এই স্বর্ণদানের আগে জৈন 'শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেল'-এর জন্য ৭ কোটি রুপি, তিরুপতি মন্দিরের গোশালায় একটি পশুখাদ্য মিশ্রণ কেন্দ্রের জন্য ৫ কোটি রুপি এবং মুদ্রা বাছাই করার মেশিনের জন্য ১ কোটি রুপি দান করেছিলেন বলে জানা গেছে। এ ছাড়া মন্দিরে যাতায়াতের সুবিধার্থে তিনি বৈদ্যুতিক বাসও দান করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন