ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

মাদারীপুর পৌর মহাশ্মশানে আধুনিক চুল্লি ও সেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন


মাদারীপুর পৌর মহাশ্মশানে আধুনিক চুল্লি ও সেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাদারীপুর পৌর মহাশ্মশান ঘাটে আধুনিক চুল্লি ও সেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের দরগাখোলা রোডে অবস্থিত কালী মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, পৌর সচিব খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: কুমিল্লায় মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য অটুট রাখতে সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনের অংশ হিসেবেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আধুনিক চুল্লি ও সেড নির্মাণ সম্পন্ন হলে সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্নের প্রক্রিয়া আরও স্বাস্থ্যসম্মত, আধুনিক ও সুশৃঙ্খল হবে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করে আধুনিক এ ব্যবস্থা চালু হলে এটি এলাকার মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা পূরণ করবে।

আরও পড়ুন: বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড বিতরণ: সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড বিতরণ: সমাজকল্যাণ মন্ত্রী

আগামী ১ জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একই সময় থেকে ব্যাপক হারে কৃষক কার্ড দেয়ার কাজও শুরু হবে। এসব তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়াতে এই খাতে সরকারের বিনিয়োগ আরও বাড়াতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রতিটি ওয়ার্ডে একজন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ দেয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ডা. জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। দেশের কৃষি খাত এবং প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়ন নিয়ে সবচেয়ে বেশি ভাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের সুরক্ষায় এই কার্ড বিতরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে।

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের সব দাবি সরকার বাস্তবায়ন করবে। কিন্তু কৃষিবিদদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় কৃষি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিদ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কো ম্যাচের আগে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


মরক্কো ম্যাচের আগে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার আগেই যেন মাঠের লড়াইয়ের বাইরের একটি অদৃশ্য প্রতিপক্ষ ব্রাজিলকে নজর রাখছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘গ্রুপ সি’-এর এই হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। তখনই স্টেডিয়ামের আশপাশে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস উদ্বেগের সৃষ্টি করেছে।

স্প্যানিশ রেডিও স্টেশন ‘সের’–এর সাংবাদিক হোসে প্যালাসিও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মেটলাইফ স্টেডিয়ামকে ঘিরে ভয়াবহ মেঘ সহ ঝোড়ো হাওয়া বইছে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে এমন প্রতিকূল পরিস্থিতি আয়োজকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন আবহাওয়া নিয়ে আয়োজক কর্তৃপক্ষ ও ফুটবল-সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগ ছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে তীব্র গরমের সঙ্গে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা নিয়েও আবহাওয়াবিদরা কথা বলেছেন।

বজ্রপাতের কারণে যুক্তরাষ্ট্রে আউটডোর ক্রীড়া ইভেন্টের জন্য অত্যন্ত কঠোর নিয়ম মানা হয়। কোনো স্টেডিয়ামের নির্দিষ্ট ব্যাসার্ধের মধ্যে বজ্রপাতের ঝুঁকি শনাক্ত হলে নিরাপত্তার খাতিরে খেলা সাময়িকভাবে স্থগিত করার বিধান রয়েছে। ব্রাজিলের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন আবহাওয়ার পূর্বাভাস অবশ্যই খেলোয়াড় ও দর্শকদের জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

এদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের ষষ্ঠ শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে মাঠে নামছে কার্লো আনচেলত্তির অধীনে। প্রতিপক্ষ মরক্কো, যারা ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, তারা দারুণ আত্মবিশ্বাসী। ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত এই লড়াই মাঠে গড়াবে কি না, তা এখন প্রায় পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভর করছে।

বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গেছে, তারা পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখছেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কঠোর নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা প্রস্তুত রেখেছে। এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে, মাঠের লড়াইয়ের উত্তাপ প্রকৃতির বিরূপতাকে ছাপিয়ে উঠতে পারে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ৫টি চোরাই মোটরসাইকেলসহ তিনজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


ঝিনাইদহে ৫টি চোরাই মোটরসাইকেলসহ তিনজন গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে।

শুক্রবার (১২ জুন) গভীর রাত থেকে শনিবার (১৩ জুন) ভোর পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে মোটরসাইকেল উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

অবশেষে আটক করা ব্যক্তিরা হলেন- শহরের নিমতলা বাজারের মোটরসাইকেল গ্যারেজের মালিক বিশ্বজিত কর্মকার, গাজীর বাজারের সোবহান এবং ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া বাজারের গ্যারেজ মালিক আব্দুল্লাহ আল মামুন।

এই ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। পরে শনিবার বিকেলে আটকের বিষয়ে থানার চত্বরে সাংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।

এসআই রফিকুল ইসলাম জানান, পুলিশের কাছে গোপন সূত্রে চোরাই মোটরসাইকেল বিক্রির খবর আসে, যা থানার ওসিকে জানানো হয়। এর পরে পুলিশ অভিযানে বের হয়ে শুক্রবার রাত ১১টার দিকে শহরের নিমতলা রোডে বিশ্বজিত কর্মকারের মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়। সেখানে একটি কালো রঙের ১৫০ সিসি পালসার এবং একটি লাল রঙের প্লাটিনা ১০০ সিসি চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত তিনটার দিকে পুলিশ ঝিনাইদহ সদরের নলডাঙ্গা বাজারে আব্দুল্লাহ আল মামুনের গ্যারেজে অভিযান চালিয়ে কালো লাল রঙের একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি লাল রঙের হোন্ডা ১১০ সিসি মোটরসাইকেলসহ তাকে আটক করে।

পরবর্তীতে শনিবার ভোররাতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে সোবহানের পুরাতন মোটরসাইকেল শো-রুমে অভিযান চালিয়ে কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার ওসি জানান, পুলিশি অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটকরা চোরাই মোটরসাইকেল বিক্রির সিন্ডিকেটের সদস্য। তারা উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর কোনো বৈধ কাগজ বা মালিকানার কাগজ দেখাতে পারেননি। সন্ধ্যার আগে আটক হওয়াদের জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলকে নিয়ে সতর্ক বার্তা দিলেন আনচেলত্তি, ‘ভয়ই হবে শক্তি’ মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলকে নিয়ে সতর্ক বার্তা দিলেন আনচেলত্তি, ‘ভয়ই হবে শক্তি’ মন্তব্য

ম্যানেজার হিসেবে ইউরোপীয় ফুটবলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন কার্লো আনচেলত্তি। আন্তর্জাতিক ফুটবলে প্রমাণ দেওয়ার পালা এখন। তবে এই যাত্রায় খানিকটা ভয় কিংবা স্নায়ুচাপ অনুভব করছেন ব্রাজিলের কোচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচিংয়ের দায়িত্ব পরিচালনায় আনচেলত্তি এই ভয় বা স্নায়ুচাপকে দলটির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।

গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল (১৩ জুন) বিশ্বকাপ যাত্রা শুরু করার অপেক্ষায় রয়েছে ব্রাজিল। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আনচেলত্তি জানালেন, মরক্কোকে কোনভাবেই হালকাভাবে নিচ্ছে না তার দল, যারা গত বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে বিদায় দিয়ে সেমিফাইনালে উঠেছিল।

আনচেলত্তি বলেন, 'ভয় জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনার মনে কোনো ভয় না থাকে এবং আপনি অসতর্ক থাকেন, তবে সামনে সিংহ দেখলেও তাকে বিড়াল মনে হতে পারে। ভয় মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সবসময় সতর্ক ও মনোযোগী থাকা ভালো, যাতে দল মাঠে সেরাটা দিতে পারে এবং অপ্রত্যাশিত কোনো ধাক্কা না খায়।'

আনচেলত্তি মরক্কোর শক্তি নিয়ে বলেন, 'আধুনিক ফুটবলে এখন আর কোনো ছোট দল বলে কিছু নেই। মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল। প্রথম ম্যাচ থেকেই আমাদের পুরোপুরি গোছানো ফুটবল খেলতে হবে।'

ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই শিরোপাজয়ী এবং রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আনচেলত্তির জন্য ব্রাজিলের দায়িত্ব নেওয়া এক নতুন অভিজ্ঞতা। তিনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দীর্ঘ ২৪ বছরের বিশ্বকাপ খরা কাটানোর মিশনকে অনেক দায়িত্বের বিষয় হিসেবে দেখছেন।

আনচেলত্তির ভাষায়, 'এটা (ব্রাজিল) ফুটবলারদের চারণভূমি এবং বিশ্বের সবচেয়ে সফল দলটিকে প্রতিনিধিত্ব করা এক বিশাল গৌবের বিষয়। আমি এই সুন্দর মুহূর্তটিকে চাপ হিসেবে না নিয়ে আনন্দ ও খুশির সঙ্গে উপভোগ করতে চাই।'

চোটের কারণে ফরোয়ার্ড রদ্রিগো, এস্তেভাও এবং উদ্বোধনী ম্যাচে নেইমার না থাকার পরও ব্রাজিলের কোচ আত্মবিশ্বাসী যে দল যেকোনো প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত।

এদিকে, মরক্কো ম্যাচের আগে গণমাধ্যমের সামনে কথা বলেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কোনো খেতাবের জন্য তার কোনো মোহ নেই। অতীতের ভুল ত্রুটি শুধরে তিনি দলকে সাফল্য এনে দিতে চান।

ভিনি বলেন, 'আমি এখানে ব্যক্তিগত কোনো ট্রফি জিততে আসিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়া আমার লক্ষ্য নয়। আমার একমাত্র কাজ হলো ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জিততে সাহায্য করা। আমরা চাই ব্রাজিলকে আবারও তার চিরচেনা শীর্ষে ফিরিয়ে নিয়ে যেতে।'

২০২২ সালের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতা এখনো ভিনিসিউস ও তার সতীর্থদের মনে তাজা। তবে সেই ক্ষতকে তারা এখন অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

ভিনিসিউস বলেন, 'বিশ্বকাপ অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে একদম আলাদা। গত বিশ্বকাপ আমাদের শিখিয়েছে যে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে। এবার আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভিন্ন কিছু করতে চাই।'

রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির অধীনে দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটো লা-লিগা জয়ী ভিনিসিউস জাতীয় দলের সাথেও এই ইতালিয়ান গুরুকে পেয়ে ভীষণ আত্মবিশ্বাসী। কোচের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি বলেন, 'আনচেলত্তির অধীনে খেলা সবসময়ই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। রিয়াল মাদ্রিদে তিনি আমাকে যেভাবে খেলার স্বাধীনতা ও ভরসা দিয়েছিলেন, জাতীয় দলেও ঠিক সেটাই দিচ্ছেন। আমি শুধু গোল করার কথাই ভাবি না, দলের জন্য অবদান রাখতে চাই। আমি কয়টি গোল করলাম তা বড় বিষয় নয়, দলের জয়টাই আসল।'

ভিনিসিউস আরও বলেন, 'কোচ সবসময় আমাদের বলেন পূর্ণ ৯০ মিনিট সর্বোচ্চ মনোযোগ ধরে রাখতে। কারণ বিশ্বকাপে খুব ছোট ছোট ভুলও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%