প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষায় পিছিয়ে পড়া দুর্গম হাওর, চরাঞ্চল, উপকূলীয় ও পার্বত্য এলাকার শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সেসিপ (SESIP), এসইএসডিপি (SESDP) ও এফএসএসএপি-২ (FSSAP-II) প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষক-কর্মচারীরা অগ্রাধিকার ভিত্তিতে এই দাবি করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘মডেল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদ’-এর পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সরকারের সময় শিক্ষায় অনগ্রসর ও দুর্গম ‘আন্ডার-সার্ভড’ এলাকায় দরিদ্র জনগণের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে এসব বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। অতীতে এসব এলাকায় মাধ্যমিক স্তরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করেই পড়ালেখা বন্ধ করে দিতে বাধ্য হতো। বিশেষ করে মেয়েরা বাল্যবিয়ের শিকার হতো এবং অনেক শিশু শিশুশ্রমে জড়িয়ে পড়ত।
বর্তমানে এসব বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। বিদ্যালয়গুলোর মাধ্যমে ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিশুশ্রম কমাতে ইতিবাচক ভূমিকা পালন করছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
বক্তারা জানান, প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও পরিচালন ব্যয় প্রকল্প থেকে বহন করার কথা ছিল। পরবর্তীতে বিদ্যালয়গুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্তৃত্বে ন্যস্ত হওয়ার কথা থাকলেও সেগুলো জাতীয়করণ না করে এমপিওভুক্ত করা হয়েছে। ফলে বিদ্যালয়গুলো এখনও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এসব বিদ্যালয়ের স্থাপনের উদ্দেশ্য, প্রেক্ষাপট ও অবদান অন্যান্য সাধারণ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। তাই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য সরকার যে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে, তাতে প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোর স্বতন্ত্র প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হলে দুর্গম ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে গ্রাম ও শহরের শিক্ষাবৈষম্য কমবে এবং অল্প ব্যয়ে শিক্ষার সুফল প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় বিশেষ বিবেচনায় দ্রুত জাতীয়করণের দাবি জানানো হয়। পাশাপাশি এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের স্ব স্ব পদে আত্মীকরণের মাধ্যমে তাদের ন্যায্য মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
পরিষদ সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিষ্ঠান প্রধানরা দাবির পক্ষে বক্তব্য দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রান্তিক জনপদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং কর্মরত শিক্ষক-কর্মচারীদের মানবিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন