প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের ডাসারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে একটি পরিবার। স্বামীকে হারিয়ে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ বাবাকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। বিশেষ করে সপ্তম ও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই মেধাবী সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্বজন ও এলাকাবাসী। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিবংকর শিকারী সঞ্জয় (৩৫)। তিনি ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের শীতল শিকারীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ বাবাকে নিয়ে ছিল সঞ্জয়ের পাঁচ সদস্যের সংসার। তাঁর উপার্জনেই চলত পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়াশোনার খরচ। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে।
নিহতের মেয়ে স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে এবং ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর ভাষ্য, দুই সন্তানই পড়াশোনায় মেধাবী। তবে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাদের লেখাপড়া চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। সরকারি বা অন্য কোনো সহায়তা পেলে সন্তান দুটির পড়াশোনা অব্যাহত রাখা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।
সঞ্জয়ের ভাই বিনয় শিকারী জানান, প্রায় এক সপ্তাহ আগে তাঁর ভাই জ্বরে আক্রান্ত হন। প্রথমে সাধারণ জ্বর মনে করে বাড়িতে ওষুধ দিয়ে চিকিৎসা করানো হয়। তিন দিন পর শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
ডাসার ইউনিয়ন পরিষদের সদস্য দীপংকর জানান, সঞ্জয় তাঁর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তাঁর উপার্জনেই পরিবারটি চলত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাঁর এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবাকে নিয়ে পরিবারটি বড় ধরনের সংকটে পড়েছে।
এদিকে পরিবারটির অসহায়ত্বের খবর শুনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তাঁর এই আশ্বাসে সংকটের মধ্যে থাকা পরিবারটি কিছুটা আশার আলো দেখছে। তবে সন্তান দুটির পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে নিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন