প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন হাজারো পর্যটকের ভিড় জমে। কিন্তু পর্যাপ্ত লাইফগার্ড ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে অনেকের আনন্দভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত হচ্ছে। সাগরের প্রবল স্রোতে প্রতি বছর মৃত্যু ও নিখোঁজের ঘটনা বাড়ছে। সী সেফ লাইফগার্ড সংস্থা জানিয়েছে, ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকতের মাত্র দুই কিলোমিটারে লাইফগার্ড সেবা রয়েছে। বাকি অংশে যথেষ্ট নিরাপত্তা, সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা পতাকা মজুত নেই। ফলে জনপ্রিয় ১৫-২০টি পয়েন্টে সমুদ্রস্নানে নামা পর্যটকদের জন্য চরম ঝুঁকি তৈরি হচ্ছে। সংস্থার ওপর ভিত্তি করে তথ্য অনুযায়ী, গত ১২ বছরে সাগরে ডুবে ৭৬ জন পর্যটক মারা গেছেন। এর মধ্যে গত বছরেই প্রাণ হারিয়েছেন ২৫ জন; তবে এ সময়ে এক হাজার ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টদের মতে, পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে। সৈকতের সি-গাল পয়েন্টে দেখার পরে দেখা গেছে, বিপজ্জনক এলাকা চিহ্নিত করে লাল পতাকা টাঙানো হলেও যথেষ্ট সতর্কবার্তা, পর্যবেক্ষণ টাওয়ার বা দৃশ্যমান লাইফগার্ড নেই। নিরাপত্তা ব্যবস্থার এমন ঘাটতির মাঝেও পর্যটকরা অবাধে সমুদ্রে নামছেন। সী-সেফ লাইফগার্ডের তথ্য অনুসারে, গত বছর এ পয়েন্টে সমুদ্রস্নানে নেমে ১২ জন প্রাণ হারিয়েছেন। লাল পতাকা থাকা সত্ত্বেও এই পতাকার গুরুত্ব সম্পর্কে অনেক পর্যটকের ধারণা নেই। ফলে বড় ঢেউ ও তীব্র স্রোতের মধ্যেও ঝুঁকিপূর্ণ এলাকায় অনেকেই গোসল করছেন, নারী-পুরুষ, এমনকি শিশু-কিশোরও। শরীয়তপুর থেকে আসা পর্যটক জীবন মোল্লা জানান, নিরাপদ ও ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। বান্দরবান ভ্রমণ শেষে কক্সবাজারে এসে গাড়ি থেকে নেমেই তিনি সমুদ্রে নেমে পড়েন। সমুদ্রস্নানের সময় আরেক পর্যটক মো. লিংকন জানান, ‘সৈকতে সতর্কতামূলক ব্যবস্থা না থাকার কারণে নিরাপদ এবং ঝুঁকিপূর্ণ এলাকা কোথায়, তা বোঝা যাচ্ছে না। লাল পতাকার অর্থ বিপজ্জনক এবং সমুদ্রে নামা নিষেধ জানালেও অনেকেই সেখানে নামছেন দেখে আমরাও নেমে পড়েছি।’ কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৩২ কিলোমিটার দূরে ইনানী। মেরিন ড্রাইভে গিয়ে পর্যটকরা পাথুরে সৈকত, ইনানী জেটি বা পাতুয়ারটেকে নামেন। অনেকেই বালিয়াড়ি পেরিয়ে সমুদ্রস্নানে নেমে পড়েন। তবে ইনানী সৈকতের তিনটি পয়েন্টে লাইফগার্ড সেবা নেই। সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তা চিহ্নিত পতাকা নেই। ইনানীতে আসা পর্যটক শফিউল আলম জানান, কক্সবাজার থেকে আসার পথে কিছু সাইনবোর্ড দেখা গেলেও ইনানী সৈকতের আশপাশে যথেষ্ট সতর্কবার্তা নেই। পর্যটকদের নিরাপত্তার জন্য সৈকতের বিভিন্ন স্থানে জোয়ার-ভাটা, ঝুঁকিপূর্ণ এলাকা এবং নিরাপদে সমুদ্রে নামার নির্দেশনা সংবলিত সাইনবোর্ড স্থাপন জরুরি। গাজীপুর থেকে আসা তারিকুল ইসলাম বলেন, ‘সৈকতের এই অংশে কোথাও লাল-হলুদ সতর্কতামূলক পতাকা দেখতে পাইনি। কখন সমুদ্রে নামা নিরাপদ এবং কখন ঝুঁকিপূর্ণ, এ ধরনের কোনো নির্দেশনা চোখে পড়েনি।’ ঢাকার বনানী থেকে আসা পর্যটক রোকেয়া বেগম বলেন, ‘সমুদ্রে নামার সময় কিছুটা ঝুঁকি অনুভব হয়। কারণ সমুদ্রের আচরণ সম্পর্কে আমাদের মতো অনেক পর্যটকের ধারণা থাকে না। পর্যটকদের সচেতন করতে সৈকতে দায়িত্বশীল কর্মী বা লাইফগার্ড থাকা জরুরি।’ পর্যটন ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক এলেও বিচকর্মী এবং দ্রুত উদ্ধার ব্যবস্থা নেই। ইনানী এলাকার পর্যটন ব্যবসায়ী সিয়াম আহমেদ বলেন, ‘সৈকতের বিভিন্ন স্থানে ২০০ থেকে ৩০০ মিটার পরপর বিচকর্মী বা লাইফগার্ড থাকলে পর্যটকদের সতর্ক করা সম্ভব হবে। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।’ একই এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্ঘটনা ঘটলে ট্যুরিস্ট পুলিশ বা ফায়ার সার্ভিসকে উদ্ধার অভিযানে অংশ নিতে দেখা যায়, তবে জরুরি মুহূর্তে দ্রুত উদ্ধার নিশ্চিত করা যায় কি না, সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি বলেন, ‘আমাদের উদ্ধার সরঞ্জাম হচ্ছে মূলত রেসকিউ টিউব ও রেসকিউ বোর্ড, যা হাতে প্যাডেল করে পরিচালনা করতে হয়। সৈকতের বিস্তৃতি বেশি হওয়ায় কয়েকটি পয়েন্টে দায়িত্ব পালন করা সম্ভব হয়।’ তিনি আরও বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত লাইফগার্ড সদস্য এবং আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রয়োজন। পর্যটকদেরও সচেতন হতে হবে।’ ইনানী ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান বলেন, ‘ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে হ্যান্ড মাইক ব্যবহার করে পর্যটকদের সতর্ক করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হয়। তবে সৈকতটি অনেক বিস্তৃত হওয়ায় সার্বক্ষণিক নজরদারি সম্ভব হয় না। পর্যাপ্ত রেসকিউ টিম থাকলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করাও সহজ হবে।’ সার্বিক বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘অনেক পর্যটক গোসল করতে নেমে নিরাপদ সীমার বাইরে চলে যান। তারা জোয়ার-ভাটার স্রোতে পড়ে বিপদে পড়ছেন। একটি বিদেশি সংস্থার অর্থায়নে ২৭ সদস্যের লাইফগার্ড দল বর্তমানে কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ এবং আধুনিক উদ্ধার সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি আরো জানান, লাইফগার্ড সেবার মানোন্নয়নে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে এবং মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন