প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট হামেদিয়া কামিল এমএ মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে রাজনৈতিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (৮ জুলাই) আয়োজিত ওই অনুষ্ঠানে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নং হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা আক্তার হোসেন মিলন মিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেনের উপস্থিতি তার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারির এআর হাফিজ উল্লাহ, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী, মাতাব্বর দারুস সুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন, হামেদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হুমায়ুন কবিরসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান শেষে নবাগত সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যালয় রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে স্থানীয় অভিভাবক, শিক্ষানুরাগী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, সরকারি বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের অবকাঠামো দলীয় কার্যক্রমে ব্যবহার করা বিধিবহির্ভূত এবং শিক্ষার পরিবেশের সঙ্গে অসংগতিপূর্ণ।
স্থানীয় আইনজ্ঞরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের এই যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ইসলামী দল। কেউ যদি এই সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসতে চায়, জামায়াতে ইসলামী তাকে অবশ্যই স্বাগত জানাবে।”
তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, স্থানীয় এক শীর্ষ আওয়ামী লীগ নেতার দল পরিবর্তন এবং অনুষ্ঠানস্থল নির্বাচনকে কেন্দ্র করে কমলনগরের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন