প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনে বনদস্যুদের আস্তানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন গহীন বনাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল করার উদ্দেশ্যে এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এই অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন গহীন এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে। এরপর মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে সেখানে অভিযান শুরু করেন।
অভিযান চলাকালে তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার গান, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ডাকাতদলের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরো জানান, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে বনদস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন