ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহী কমিশনারের নির্দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নজরদারি বাড়ানোর আহ্বান


রাজশাহী কমিশনারের নির্দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নজরদারি বাড়ানোর আহ্বান

রাজশাহী, ১৭ নভম্বের, ২০২৬ : রাজশাহী অঞ্চলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং নজরদারি জোরদার করার লক্ষ্যে বিভাগীয় কমিশনার খোন্দকার মোহাম্মদ সাইফুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার উল্লেখ করেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য শুধুমাত্র জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ যথেষ্ট নয়।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের প্রক্টরকে হুমকি

এজন্য ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের আগে সচেতন করতে হবে। উপজেলা পর্যায়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় এবং সচেতনতামূলক সভা আয়োজনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে প্রচার কার্যক্রম বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সচেতনতা কার্যক্রমের পরেও যারা খাদ্যে ভেজাল দেবে, তাদের বিরুদ্ধে বেশি বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা উচিত এবং আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জরিমানা দ্বিগুন করা উচিত।

তিনি বলেন, নিরাপদ খাদ্য এবং ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য টিভিসি এবং সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা আবশ্যক। আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিপাহ ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।

আরও পড়ুন: গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের বসতভিটা জবরদখল ও ভাঙচুরের চেষ্টার অভিযোগ

সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত মাসে রাজশাহী বিভাগে ১২২টি অভিযান পরিচালনা করা হয়েছে।

গুরুতর অপরাধের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ এবং অপরাধের ধরন অনুযায়ী কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত মাসে পাবনায় ভেজাল দুধ তৈরির জন্য দুটি মামলায় দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সভা শেষে বিভাগীয় কমিশনার ভেজাল এবং অনিরাপদ খাদ্য প্রতিরোধে প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন: পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

এসময় তিনি জনসচেতনতা সৃষ্টি ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। সভায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের সহিংসতায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


গোপালগঞ্জের সহিংসতায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাইযোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি এক চ্যালেঞ্জ।

মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের হাসপাতাল সড়কে জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ড. আযাদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পায়, তা একটি বড় প্রশ্ন। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে আজ জনমনে নানা সংশয় তৈরি হয়েছে। এমনকি অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহযোগিতার গুরুতর অভিযোগও উঠেছে। এসব অভিযোগের অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করতে হবে। কেবল বিজিবি মোতায়েন কিংবা ডিসি-এসপিকে প্রত্যাহার করে সরকার তার দায় এড়াতে পারে না।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ কার্যত একধরনের নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা। এভাবে জনগণের কাঙ্ক্ষিত স্থানীয় সরকার নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের চেতনা স্মরণ করে জামায়াত এই নেতা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা একদলীয় শাসন প্রতিষ্ঠার কোনো অপচেষ্টাই এ দেশের জনগণ মেনে নেবে না। রাষ্ট্রের আইন ও প্রশাসন কোনো দলের অনুগত বাহিনী হতে পারে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—গোপালগঞ্জের সব সহিংসতার নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ করা সব প্রশাসকের নিয়োগ অবিলম্বে বাতিল করা এবং প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানানো হয়।

ড. আযাদ বলেন, ‘জনগণ নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রক্ত দেয়নি। সরকারকে যেকোনো মূল্যে সন্ত্রাস বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় সব ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ ও অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর ও মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীসহ উপজেলা আমির-সেক্রেটারি ও বিভিন্ন ছাত্রনেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মওলানা ভাসানীর দিশাগুলো এখনও বাংলাদেশের প্রধান দিশা: জোনায়েদ সাকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


মওলানা ভাসানীর দিশাগুলো এখনও বাংলাদেশের প্রধান দিশা: জোনায়েদ সাকি

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬: গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি মন্তব্য করেছেন যে, মওলানা ভাসানীর রেখে যাওয়া দিশাগুলো আজও বাংলাদেশের প্রধান দিশা হিসেবে বিদ্যমান রয়েছে।

আজ গণসংহতি আন্দোলন-জিএসএর উদ্যোগে টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন।

এর আগে, টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষে মওলানা ভাসানীর মাজার পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন দলের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) কৃষকনেতা ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুর রশিদ নীলু, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী, মনির উদ্দিন পাপ্পু এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া, গণসংহতি আন্দোলন-জিএসএর প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শ্রমখাত বিষয়ক সম্পাদক আলীফ দেওয়ান, ঢাকা উত্তরের আহবায়ক মনিরুল হুদা বাবন, পরিবেশ বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় সদস্য আমজাদ হোসেন, কেন্দ্রীয় পরামর্শক পর্ষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. খালেদ হোসাইন, টাঙ্গাইল জেলার সংগঠক ফাতেমা রহমান বিথী, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, বাংলাদেশ কৃষক-মজুর সংহতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভাসানী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিসসহ দলের কেন্দ্রীয় ও টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বিএনপি নেতার ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


ফেনীতে বিএনপি নেতার ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা

ফেসবুকে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কফিল উদ্দিন মামুন।

মঙ্গলবার, দলের নীতিনির্ধারণী নানা বিষয়ে বঞ্চনার কথা উল্লেখ করে তিনি এই পদত্যাগের কথা জানান। জেলা বিএনপির এই ত্যাগী নেতা ফেসবুকে লেখেন, ‘আমরা কিন্তু শুধুই ১৭ বছর নয়, সেই জয়নাল হাজারীর আমল থেকেই যুদ্ধ করে আসছি। নির্যাতন, জেল-জুলুম ও ফেরারি জীবনযাপন করেছি। এই দলের জন্য আমার দুই ভাই শহীদ হয়েছেন। কী নির্মম নির্যাতন করে আমার ভাইকে হত্যা করা হয়েছে, তা নিশ্চয়ই দলের নেতাসহ তৃণমূলের সকলেই জানেন; তবুও পালিয়ে যাইনি। শুধুমাত্র আজকের দেশনায়ক তারেক রহমান সাহেবকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দেখব বলে। কিন্তু তাই বলে জেলার নেতারা যা ইচ্ছে তা সিদ্ধান্ত নিতে পারেন না, যাকে ইচ্ছে তাকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করবেন! আমাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল আপনারা এভাবে নষ্ট করতে পারেন না। আপনারা কি পারবেন আমার ভাইদের ফিরিয়ে দিতে?’

তিনি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে প্রশ্ন রেখে আরো লেখেন, ‘গত আট-নয় মাসে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কমিটি হয়েছে, যেখানে অনেকেই অধিষ্ঠিত হয়েছেন—যারা বিগত ১৭ বছর কোনো আন্দোলন-সংগ্রামে তো ছিলেনই না, বরং তারা আমাদের দেখলেই এড়িয়ে চলতেন। অথচ আপনারা কোনো প্রকার প্রতিকার করেননি। এই ধরনের সিদ্ধান্তের প্রতি ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছি। যেখানে সেলিম সাহেবদের জয়জয়কার, যেখানে ত্যাগীরা নিগৃহীত, সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না। তাই আমি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি নিলাম।’

এর আগে সোমবার, ফেনী জেলা কারাগারের বেসরকারি পরিদর্শক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রকাশ সেলিম নামে একজনকে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে কফিল উদ্দিন মামুন ফেসবুকে আরেকটি পোস্টে লেখেন, ‘তিনি কারা পরিদর্শক হয়েছেন! এই ব্যক্তি গত দুই যুগ দলের মিছিল, মিটিং, মিলাদ, জানাজাসহ কোনো প্রোগ্রামে উপস্থিত ছিলেন—কেউ এর প্রমাণ দিতে পারবেন না।’

বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান, ত্যাগীদের অবমূল্যায়ন ও সুবিধাবাদীদের জয়জয়কারের প্রতিবাদের মুখে পদত্যাগী এই নেতার দুই ভাই—আফতাব উদ্দিন সুমন ১৯৯৪ সালে এবং রেজাউল করিম তুহিন ১৯৯৯ সালে দলের জন্য আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছিলেন।

ফেসবুকে পোস্টে বিএনপি নেতার পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোজাম্মেল হক জীবন নামে একজন লিখেছেন, ‘সুদীর্ঘ সময় আপনার নেতৃত্বে আমরা ছিলাম। ট্রাংক রোডে আপনার গগনবিদারী সেই স্লোগান এখনো আমার শরীরকে পুলকিত করে। এখন সেই স্লোগান না ধরলেও এই দলে লোকের অভাব নেই। যখন আবার স্লোগান ধরার কেউ থাকবে না, তখন মো. কফিল উদ্দিন মামুন ভাইদের এই দলের আবার দরকার পড়বে।’

শেখ ফরিদ নামে একজন লিখেছেন, ‘দুঃখজনক! ফেনীর বিএনপির নেতারা এখনো ফ্যাসিস্টদের সম্পদ রক্ষণাবেক্ষণ নিয়ে ব্যস্ত!’

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, সম্প্রতি ফেনী কারাগারের বেসরকারি পরিদর্শক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রকাশ সেলিম নামে এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে রাগে-অভিমানে জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন। এ বিষয়ে তারা লিখিত কোনো দরখাস্ত পাননি। তবে দলের ত্যাগীদের বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করলে আগামীতে দল ত্যাগীশূন্য হয়ে যাবে।

প্রসঙ্গত, সম্প্রতি ফেনীতে দলটির আরো একাধিক নেতা ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেজল্যুশনের আওতায় এসেছে সংকটে থাকা পদ্মা ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


রেজল্যুশনের আওতায় এসেছে সংকটে থাকা পদ্মা ব্যাংক

পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে, যা সংকটের মধ্যে রয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংকটিকে একীভূত করা অথবা অবসায়নের মতো পদক্ষেপ গ্রহণের সুযোগ পাবে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে রেজল্যুশনের আওতায় আনার অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় যেসব ব্যাংক লুটপাট ও অনিয়মের কারণে সংকটে পড়েছে, তাদের মধ্যে পদ্মা ব্যাংক অন্যতম। ব্যাংকটির কার্যক্রম শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। এমনকি অনুমোদন পাওয়ার আগেই ব্যাংকটি অফিস খুলে লোকবল নিয়োগ দেওয়া শুরু করে।

পরবর্তীতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আমানত সংগ্রহের ভিত্তিতে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন ব্যাংকটির উদ্যোক্তারা। এর ফলে চার বছরের মধ্যে ব্যাংকটি সংকটে পড়ে। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ২০১৭ সালে পদ ছাড়তে বাধ্য হন ব্যাংকটির চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

ব্যাংকটিকে বাঁচাতে মূলধন সহায়তা প্রদান করে সরকারি চার ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী নাফিজ সরাফাত। তবে এত কিছুর পরেও গ্রাহকদের আস্থা ফিরে আসেনি। শেষ পর্যন্ত ২০২৪ সালের শুরুতে ব্যাংকটি ছেড়ে চলে যান নাফিজ সরাফাতও। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা দেওয়া হলেও ব্যাংকটি টিকিয়ে রাখতে সক্ষম হয়নি।

বর্তমানে ব্যাংকটির মূলধন ঋণাত্মক, ঋণের ৯২ শতাংশ খেলাপি, সুদ আয় ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতিও সংকটাপন্ন। অর্থাৎ আর্থিক সক্ষমতার প্রায় সব সূচকে ব্যাংকটির অবস্থা নাজুক। স্বল্প সময়ের মধ্যে এ পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনাও নেই।

এ অবস্থায় গত বছর তৎকালীন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন ব্যাংকটিকে একীভূত বা অবসায়নের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টকে সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে উপস্থাপন করা হয়। মঙ্গলবার পর্ষদের অনুমোদনের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হলো।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ব্যাংকটির বিভিন্ন আর্থিক সূচক পর্যালোচনা করা হবে। একই সঙ্গে নিরীক্ষা করা হবে। ব্যাংকটির বর্তমান সংকটের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে। নিরীক্ষা প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%