০৪:১৮ পি.এম
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিং কেলেঙ্কারির প্রেক্ষাপটে নতুন বিতর্কের আবহে প্যাট কামিন্সের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বোর্ড। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি, ওই ঘটনার পুনরায় পর্যালোচনার জন্য গঠিত স্বাধীন ফোরামে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন কামিন্স।
শুক্রবার সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ এবং অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুনের সঙ্গে বৈঠক করেন কামিন্স। একই দিনে বোর্ডও বৈঠক করে। ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নতুন প্রশ্নের মধ্যে অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায় বোর্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে উল্লেখ করা হয়, কামিন্সের অধিনায়কত্ব নিয়ে চলমান আলোচনা ও জল্পনার প্রেক্ষিতে বোর্ড সর্বসম্মতিক্রমে তাঁর প্রতি সমর্থন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: বার্সেলোনাকে হুংকার দিয়ে রাখলেন সাবাহ কোচ ডাম্ব্রাউস্কাস
ডেভিড বুন কামিন্সের সততা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, কঠিন এই সময় ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে পার করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালের সফরের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও স্টাফদের নিজেদের অভিজ্ঞতা স্বাধীন ফোরামে তুলে ধরতে উৎসাহিত করেছে বোর্ড।
কামিন্স নিজেও ওই ফোরামে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন। তাঁর ভাষায়, “আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। আমি সেখানে থাকব। যেসব খেলোয়াড় ও স্টাফের সঙ্গে কথা বলেছি, তারাও নিজেদের বক্তব্য তুলে ধরতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে, কিন্তু সেটাই প্রয়োজন।”
কামিন্স আরও বলেন, অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব তাঁর কাছে অনেক বড় দায়িত্ব। তিনি কখনোই সেই দায়িত্বকে হালকাভাবে নেননি। তবে আপাতত তাঁর মনোযোগ থাকবে আগামী ৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রস্তুতিতে।
বোর্ডের কামিন্সের প্রতি সমর্থন এমন এক সময়ে এসেছে, যখন সতীর্থ জশ হ্যাজলউড তাঁকে ‘দুর্দান্ত নেতা’ হিসেবে অভিহিত করেছেন। হ্যাজলউড এমনকি কামিন্স অধিনায়কত্ব হারালে নিজের দলে থাকার বিষয়টি নতুন করে ভাববেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন।
আরও পড়ুন: ডোপ টেস্টে শেভচেঙ্কোকে 'মিথ্যেবাদী' বললেন মিখাইলো মুদ্রিক
সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট ২০১৮ সালের বল টেম্পারিং ঘটনা নিয়ে প্রায় চার হাজার শব্দের একটি বিবরণ প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, দক্ষিণ আফ্রিকা সফরে দলের অন্য সদস্যদেরও বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি জানা ছিল। কামিন্সসহ দলের অন্যান্যদের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়। তবে ব্যানক্রফট এটিও বলেছেন, বল রিভার্স সুইং করছিল—এটি জানা, বল বিকৃত করা হয়েছে বলে সন্দেহ করা এবং স্যান্ডপেপার ব্যবহার সম্পর্কে নিশ্চিতভাবে জানা—এই তিনটি বিষয় এক নয়।
এর আগে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, দলের সবাই স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি জানত—এমন দাবি ‘১০০ শতাংশ ভুল’। তাঁর বক্তব্যের পরেই নিজের অভিজ্ঞতা প্রকাশে উৎসাহিত হয়েছিলেন বলে জানান ব্যানক্রফট। তিনি বলেন, কামিন্সের বক্তব্যে নিজেকে ক্ষুব্ধ, প্রতারিত ও একা মনে হয়েছিল।
বিতর্কটি নতুন করে সামনে আসে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর। এরপর ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও চ্যাড সায়ার্সসহ কয়েকজন ২০১৮ সালের ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছেন অথবা পুরো দলের জানার বিষয়ে করা দাবিকে সমর্থন করেছেন।
এদিকে স্বাধীন ফোরাম কবে থেকে কাজ শুরু করবে, তা এখনো স্পষ্ট নয়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই এটি গঠিত হওয়ার সম্ভাবনা কম। ফোরামের কার্যপরিধি বা ‘টার্মস অব রেফারেন্স’ পরবর্তী সময়ে প্রকাশ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ইনফান্তিনোর পুনঃনির্বাচনে দক্ষিণ আমেরিকার ১০ দেশের ফুটবল সংস্থার সমর্থন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন