প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একের পর এক চুরির ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ওজোপাডিকো কার্যালয় সংলগ্ন পানি বিশুদ্ধকরণ প্লান্টের একটি পানির পাম্প চুরি হয়। সোমবার দিবাগত রাতে চুরি হয় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পানি বিশুদ্ধকরণ প্লান্টের আরও একটি মোটর। এর মধ্যে একই রাতে উপজেলার পশারীবুনিয়া গ্রামে ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল খোয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত পানি বিশুদ্ধকরণ প্লান্ট ভবনের গ্রিল কেটে মোটরটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অন্যদিকে, ৫ নম্বর ওয়ার্ডে ওজোপাডিকো কার্যালয় সংলগ্ন পানির পাম্পটি গত ২ নভেম্বর রাতে চুরি হয়। পরপর দুটি পাম্পের মোটর চুরির ঘটনায় পৌর এলাকার সুপেয় পানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে কয়েক হাজার পরিবারের পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, রোববার গভীর রাতে উপজেলার পশারীবুনিয়া গ্রামে চোরের দল পরিকল্পিতভাবে একাধিক বাড়িতে প্রবেশ করে চুরি করে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে রয়েছে পশারীবুনিয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাকসুদ সরদার, সাবেক ইউপি সদস্য মাহাবুব হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রাহাত খান, প্রবাসী পলাশ ও রাজমিস্ত্রি জাকির হোসেনের বাড়ি।
ভুক্তভোগী শিক্ষক মো. রাহাত খান জানান, গভীর রাতে তাঁর ঘরের শোকেসের তালা ভেঙে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায় চোরেরা।
একই সময়ে একাধিক বাড়িতে চুরি এবং পৌর এলাকার পানি সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে পাম্পের মোটর চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত চোরচক্রকে শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, চুরির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান জানান, পৌর এলাকার সুপেয় পানি সরবরাহের পাম্প ও মোটর চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া চুরির ঘটনায় আগামী মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হবে। জনস্বার্থে পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন