০৪:৩৮ পি.এম
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনসার-ভিডিপির দোয়া ও মোনাজাত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরসহ দেশের সব ইউনিটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) জোহর নামাজের পর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার স্মরণে দেশ, জাতি ও বাহিনীর সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনরুত্থান হবে না: বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দিবসটি উপলক্ষে বাহিনীর সদর দপ্তরসহ সব ইউনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর জোহরের নামাজ আদায়ের পর সদর দপ্তরের মসজিদে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালকরা এবং সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিবসটির তাৎপর্য উপলক্ষে আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
দোয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ ও সালাম পেশ করা হয় এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম চরিত্র, মানবিকতা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, সততা ও শান্তির শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ মোনাজাতে মহান আল্লাহর নিকট দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নতি এবং বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত এবং অসুস্থ ও বিপদগ্রস্তদের দ্রুত সুস্থতার জন্যও বিশেষ দোয়া করা হয়।
আরও পড়ুন: দুর্গাপূজা সামনে রেখে পাইকগাছায় পুলিশের অভিযান, ৯ জন আটক
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সততা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য শিক্ষা প্রদান করে।
তার আদর্শ অনুসরণ করে কর্মজীবনে দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করা, নিষ্ঠা ও সততার সঙ্গে কর্তব্য পালন করা এবং সহকর্মী ও সেবাপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের সেবায় দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
সদর দপ্তরের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনস্থ সকল ইউনিটে দিবসটি পালিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী এর তাৎপর্য স্মরণ, মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের প্রত্যয় এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে দোয়া করার মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যদের ধর্মীয় ও নৈতিক চেতনার বন্ধন আরো সুদৃঢ় হয়।
আরও পড়ুন: গুজব ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান আনসার-ভিডিপির মহাপরিচালকের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন