প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে জাহাজ চলাচল শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে চারটি জাহাজে করে এই সকল পর্যটক দ্বীপটির উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে ৫ নভেম্বর মৌসুমের প্রথম দিনে ৮২৭ জন এবং ৬ নভেম্বর ১ হাজার ৪৫০ জন পর্যটক সেন্টমার্টিনে গিয়েছিলেন।
শুক্রবার প্রথমবারের মতো পর্যটক পরিবহন শুরু করে এমভি মালঞ্চ। এদিন সকালে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি টেকনাফের পাশাপাশি মালঞ্চ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজগুলো দুপুরে দ্বীপে পৌঁছে প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করে। রাতে জাহাজগুলো কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে।
জাহাজভিত্তিক যাত্রীসংখ্যার হিসাবে, ৮৫০ জন ধারণক্ষমতার এমভি বারো আউলিয়ায় গেছেন ৫৯৩ জন। ৭৩২ আসনের কর্ণফুলী এক্সপ্রেসে ছিলেন ৫০০ জন এবং সমান ধারণক্ষমতার এমভি টেকনাফে গেছেন ৪১৯ জন পর্যটক। অন্যদিকে ৬০০ আসনের এমভি মালঞ্চে ছিলেন ২৪২ জন। সব মিলিয়ে একদিনে ১ হাজার ৭৫৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেন।
এদিকে ৩৪৬ আসনের কেয়ারি সিন্দাবাদ নামে আরও একটি আধুনিক জাহাজ পর্যটক পরিবহনের জন্য বহরে যুক্ত হলেও এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। পাঁচটি জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ৩ হাজার ২৪৪ জন। যদিও দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক যাতায়াতের অনুমতি রয়েছে।
এমভি মালঞ্চের পরিচালক আব্দুস সাত্তার জয় বলেন, "প্রয়োজনীয় প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন করে জাহাজটি যাত্রী পরিবহন শুরু করেছে। ইনশাআল্লাহ, মৌসুমের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।" তবে কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজের ভাড়া নিয়ে কিছু পর্যটকের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে আগে টেকনাফ থেকে স্বল্প সময়ে সেন্টমার্টিন যাতায়াতের সুযোগ থাকলেও বর্তমানে কক্সবাজার থেকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে বলে জানিয়েছেন পর্যটকেরা।
এক পর্যটক জানান, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপের সৌন্দর্য অনেক আগে থেকেই ভিডিওতে দেখেছেন। এবার প্রথমবারের মতো পরিবার নিয়ে সেখানে যাচ্ছেন। দীর্ঘ সমুদ্র যাত্রা হলেও অভিজ্ঞতাটি তাঁর কাছে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে। আরেক পর্যটক ওসমান আলী বলেন, "ছয়-সাত ঘণ্টা সমুদ্রপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন যেতে কিছুটা ক্লান্তি আসবে। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনে ফেরার সুযোগ ছিল। এখন সেই সুযোগ নেই, পাশাপাশী জাহাজভাড়াও কিছুটা বেশি। তারপরও ছুটি কাটাতে দ্বীপে যাচ্ছেন।"
পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও শুক্র ও শনিবারের মতো ছুটির দিনে যাত্রী বাড়ছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, "চলতি মাসে শুক্রবার ও শনিবার মোটামুটি ভালোসংখ্যক পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। অগ্রিম বুকিংয়ের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, আগামী মাসে প্রতিদিনই জাহাজের আসন পূর্ণ থাকবে। পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। এর মধ্যে শুক্রবার চারটি জাহাজ যাত্রী পরিবহন করেছে। অন্য জাহাজটিও শিগগিরই নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।"
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুম মাত্র শুরু হওয়ায় এখনো পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। তবে ইতিবাচক দিক হলো, ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল-রিসোর্টের অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের ব্যাপক সমাগম ঘটবে বলে তাঁরা আশা করছেন।
এদিকে সেন্টমার্টিনের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলতি মৌসুমে পর্যটকদের জন্য বেশ কিছু শর্ত ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি দ্বীপে ভ্রমণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট। এসব ব্যবস্থার মাধ্যমে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ রক্ষায় রাতের বেলায় সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময় পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। তবে পর্যটন কার্যক্রমের পাশাপাশি দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন