০৬:২৬ পি.এম
ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা মো. শহিদ মাদবর দীর্ঘ সময় ধরে পরিবারসহ অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিলেন। চরম আর্থিক সংকট এবং অভাবের কারণে সংসারের চাকা ঘোরাতে তিনি রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। এই অসহায় মানুষের দুর্দশা দূর করতে এবং তার জীবিকার স্থায়ী ব্যবস্থা করার জন্য এগিয়ে এসেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’। সংগঠনটির পক্ষ থেকে তাকে একটি রিকশা উপহার দেওয়া হয়েছে।
নতুন রিকশাটি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মো. শহিদ মাদবর। তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "আগে কাঠ নামাইতাম। কিছুদিন পায়ে রিকশাও চালাইছি। আমি খুব অসহায়, পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হয়। এ অবস্থায় হাফেজ্জী চ্যারিটেবলের মহাপরিচালক নওমুসলিম মো. রাজ ভাইকে বিষয়টি জানালে তিনি এই রিকশার ব্যবস্থা করে দেন। এই রিকশাটা পেয়ে আমি খুব সন্তুষ্ট। আমি রিকশা দিয়ে ইনকাম করে ভালোভাবে ছেলে-মেয়েরে খাওয়াবো।"
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি ইশতিয়াক মুহাম্মদ আল-আমিন জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে শহিদ মাদবরকে এই সহায়তা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে
তিনি বলেন, "আমাদের শহিদুল ভাই দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে খুব অসহায়ভাবে জীবনযাপন করছিলেন। আমরা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করছিলাম উনাকে একটা রিকশার ব্যবস্থা করে দেয়ার জন্য। আমাদের হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মো. রাজ ভাই, তাকে এই রিকশাটার ব্যবস্থা করে দিয়েছেন।"
তিনি আরও বলেন, "আমরা দোয়া করি রাজ ভাইয়ের জন্য এবং যিনি এই অর্থায়ন করেছেন, তার পরিবার-পরিজনকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। তাদের নেক হায়াত কামনা করছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন