প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার দেশকে টেনে তুলছে আওয়ামী লীগ আমলের ভঙ্গুর অর্থনীতি থেকে। তিনি জানান, পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি দূর করার লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার বগুড়ার মম ইন কনভেনশন সেন্টারে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা এই সেমিনারের আয়োজন করে।
মন্ত্রী আরও বলেন, ইতিহাস বিকৃতি ও ফ্যাসিবাদের কারণে উত্তরাঞ্চল দুই দশক ধরে পিছিয়ে রয়েছে। সরকার দেশের অর্থনৈতিক মূলধারায় ফেরাতে সুষম ও সমন্বিত উন্নয়নের বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেছে।
মন্ত্রী বলেন, শুধুমাত্র আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃত করছে। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করে। সবাই ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষান্বিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন।
সেমিনারে মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সম্পদ কুক্ষিগত করে আরও বড় বৈষম্য তৈরি করেছিল।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমান সরকারের শাসনামলে দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ফলে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘ ২০ বছর অবহেলায় থাকা উত্তরাঞ্চলের পাঁচ জেলার পরিকল্পিত উন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, সরকার উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আঞ্চলিক বঞ্চনা ও বৈষম্য দূর করে সারা দেশে সুষম উন্নয়ন পৌঁছাতে অগ্রাধিকারে কাজ করছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস। বিশেষ আলোচনা তুলে ধরেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান। তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নাগরিক সেবা ত্বরান্বিত করার জন্য অবিলম্বে ‘বগুড়া বিভাগ’ গঠনের জোর দাবি জানান।
ডা. মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনারে। স্বাগত বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসাইন এবং শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংস্থার উপদেষ্টা ডা. মশিউর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।
অনুষ্ঠানে উত্তরাঞ্চলের বিভিন্ন আসনের সংসদ সদস্য, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক, টিএমএসএসের নির্বাহী পরিচালক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন অধ্যাপক ও গবেষক উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন