প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।
এক বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ।
তিনি আরো বলেন, ‘পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরো সুদৃঢ় করবে।’
আরো জানা যায়, প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ কার্যক্রমের মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি হওয়া আসলে একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অর্জন। বিশেষভাবে, একদিনে ৫ হাজার ৪০৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হওয়া অত্যন্ত প্রশংসনীয় এবং উল্লেখযোগ্য।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মামলার জট নিরসনে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্টের প্রশাসন ধন্যবাদ ও প্রশংসার দাবিদার।’
তিনি আরো বলেন, ‘আমরা প্রধান বিচারপতির নেতৃত্বে এ ধরনের আরো কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ প্রত্যাশা করি। দ্রুত মামলা নিষ্পত্তি হোক, বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান ঘটুক, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরো সহজ, দ্রুত ও কার্যকর হোক।’
অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে দ্রুত মামলা নিষ্পত্তিতে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে উল্লেখ করেন মো. রুহুল কুদ্দুস কাজল।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪০৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।
এতে ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর, এ পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬৩৭টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে।
বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচারব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির জন্য গৃহীত এ বিশেষ উদ্যোগ আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে।
শফিকুল ইসলাম আরো জানান, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতিবৃন্দকে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে।
পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন