প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনার ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান অর্জন করেছে।
তিনি উল্লেখ করেন, "কীভাবে অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠতে পারে, ৭ নভেম্বর তারই শিক্ষা দিয়েছে। ৭ নভেম্বর হচ্ছে জাগরণের দিন, আত্মসচেতনতা ফিরে পাওয়ার দিন, নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার দিন।"
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী ১৯৭৫ সালের ১৫ আগস্টকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের ফল হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের পরিচালনা মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। তিনি বলেন, "স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা। কিন্তু সেসময় মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল।" তিনি আরও জানান, সেই সময় বাংলাদেশে ২৫ থেকে ৩০ হাজার বিপ্লবীকে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক মতের মানুষদের রক্ষীবাহিনীর মাধ্যমে নির্যাতন ও হত্যা করেছিল মুজিব সরকার। এর ফলে দেশে দুর্ভিক্ষ, ক্ষুধা ও দারিদ্র্যের সৃষ্টি হয়েছিল।
রিজভী ঐতিহাসিক ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরে বলেন, "সেই দিন থেকে এ দেশে আবারও কথা বলার স্বাধীনতা পেল মানুষ। সাধারণ মানুষ ফিরে পেয়েছে নাগরিক স্বাধীনতা।" তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা এবং রাজনৈতিক মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত হয়েছিল। "কেউ প্রকাশ্যে কিছু বললেও সে আক্রমণের শিকার হয় না, সে গ্রেফতার হয় না। এটাই জিয়াউর রহমানের অবদান। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সবচেয়ে বড় অর্জন।"
তিনি আরও বলেন, জিয়াউর রহমান পরবর্তী সময়ে উৎপাদন ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। কৃষি উন্নয়নে খাল কেটেছেন। বিদেশে লক্ষ লক্ষ শ্রমিক পাঠিয়েছেন। তিনি বলেন, "এই যে গার্মেন্টসে লক্ষ লক্ষ মেয়েরা কাজ করছেন— এসবই জিয়াউর রহমানের অবদান।"
রিজভী বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯০ সালে স্বৈরশাসনের পতন ঘটে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় উত্তরণ ঘটে। কিন্তু পরবর্তী সময়ে আবারও শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের ওপর দমন-পীড়ন, গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। তিনি বলেন, "গত ১৬-১৭ বছরে ডামি ও মধ্যরাতের নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারেরও পতন হয়েছে।"
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রিজভী বলেন, "বাংলাদেশের মানুষ সহজ-সরল। কিন্তু যখন গর্জে ওঠে, তখন কালবৈশাখী ঝড়ের মতো গর্জে ওঠে। যখন গর্জে ওঠে, প্রবল প্রবাহমান পদ্মার মতো গর্জে ওঠে। যখন গর্জে ওঠে, তখন বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ের মতো গর্জে ওঠে। আর সেই গর্জনে শেখ হাসিনা কেন, তার মদদদাতারাও কিছু করতে পারবে না।"
জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, শিল্পকলার সাবেক মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন