প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ সন্তানের একটি নবজাতক নিখোঁজ হওয়ার ঘটনার আট দিন পর পুলিশ বগুড়া থেকে এক নবজাতক উদ্ধার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারী এবং তাঁর স্বামীকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ নবজাতক কিনা, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আটক হওয়া মলিনা (৪০) নামের ওই নারী এবং তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, “আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি বললেও পরবর্তীতে স্বীকার করেছেন যে তিনি শিশুটিকে সংগ্রহ করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কিনা, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের তদন্ত চলছে।”
যেভাবে ঘটনার সূত্রপাত
গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। শিশুটির বাবা শান্ত ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, অপারেশনের আগে করা দুটি আলাদা আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার স্পষ্ট উল্লেখ ছিল।
কিন্তু অপারেশন শেষে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁদের হাতে মাত্র একটি কন্যাশিশু তুলে দেয়। অপর নবজাতকের বিষয়ে কিছু জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সদুত্তর না দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। অস্ত্রোপচারের পর কাটা স্থানে সেলাই না করে দীর্ঘসময় ফেলে রাখা এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও করেছেন ভুক্তভোগী নারী।
ক্লিনিক কর্তৃপক্ষের দাবি
এদিকে গত ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগ অস্বীকার করে বলাকা ক্লিনিক কর্তৃপক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি ছিল, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল এবং আগের আলট্রাসনোগ্রাম রিপোর্টটি ত্রুটিপূর্ণ ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন