প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলা গানের জীবন্ত কিংবদন্তি, বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিশেষ সম্মাননা প্রদান করেছে।
আজ শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়, যা জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত।
অনুষ্ঠানটি শুরু হয় সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম ও সংগীতে অবদানের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে। পরে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক হেলাল খান সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, 'বাংলা গানের উচ্চতা এখন অনেকাংশে নির্ণীত হয় সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠস্বরকে ঘিরে। তার গান ও শিল্পসত্তা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক অনন্য মানদণ্ড।'
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, 'বিগত সময়ে আমাদের সংস্কৃতির অনেক ক্ষতি হয়েছে। সংস্কৃতি অঙ্গনকে নতুনভাবে সাজিয়ে রবীন্দ্রনাথ-নজরুলসহ সমগ্র সাংস্কৃতিক ধারাকে একসঙ্গে এগিয়ে নিতে আমরা কাজ করছি।'
সম্মাননা গ্রহণের সময় সৈয়দ আব্দুল হাদী আবেগঘন বক্তব্যের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, 'আমি সকলের প্রশংসায় আকণ্ঠ নিমজ্জিত হয়েছি। আমি সকলের প্রতি অনুরোধ জানাই, আমরা যেন আমাদের ভারে দেশটাকে ভারাক্রান্ত না করে ফেলি। সবাই যেন দেশটাকে ভালোবাসি।'
সন্ধ্যায় অনুষ্ঠিত দ্বিতীয় পর্ব ‘গীতসন্ধ্যা’য় নতুন প্রজন্মের শিল্পীরা সৈয়দ আব্দুল হাদীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার জনপ্রিয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণার পাশাপাশি পরিবেশিত হয় তার কালজয়ী গান। 'আছেন আমার মোক্তার' ও 'সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি' গান দুটি সমবেত কণ্ঠে পরিবেশিত হয়।
অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে সৈয়দ আব্দুল হাদী নিজস্ব কণ্ঠমাধুর্য, শিল্পনিষ্ঠা ও অনবদ্য পরিবেশনার মাধ্যমে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। তার সেই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে এ বিশেষ সম্মাননা প্রদান করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন