প্রিন্ট এর তারিখঃ ২৮শে নভেম্বর, ২০২৬ইং; ১১:১৩ এম || প্রকাশের তারিখঃ ২৮শে নভেম্বর, ২০২৬ইং; ১০:৫১ এম
ছারছীনা দরবার শরিফে তিন দিনব্যাপী ১৩৬তম ইছালে সওয়াব মাহফিল শুরু আজ
উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্র পিরোজপুরের নেছারাবাদের (স্বরূপকাঠী) ছারছীনা দরবার শরিফে আজ শনিবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৬তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে মাহফিলের ইফতেতাহ (উদ্বোধন) অনুষ্ঠিত হবে। মাহফিল চলবে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত। ওইদিন বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে।
আয়োজকরা জানান, মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, পীরভাই, মুহিব্বিন (ভক্ত), বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সদস্য-কর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটবে। মাহফিলকে কেন্দ্র করে এরই মধ্যে দরবার শরিফে ভক্ত-মুরিদ ও মুসল্লিরা আসতে শুরু করেছেন।
মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মাহফিল এন্তেজামিয়া কমিটি। কমিটির পক্ষে মাওলানা মো. নজরুল ইসলাম জানান, আগত মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থল টিমও প্রস্তুত থাকবে।
তিনি আরও জানান, মুসল্লিদের স্বাস্থ্যসেবায় সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম নিয়োজিত থাকবে। হারানো মালামাল উদ্ধারে বুথ স্থাপন এবং যানবাহন পার্কিং ও দোকানপাট নিয়ন্ত্রণে আলাদা টিম গঠন করা হয়েছে। মাইকিংসহ বিভিন্ন প্রচারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় মাহফিলের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের মাহফিল সম্পন্ন হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"