প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের সিট দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ঘটে। সংঘর্ষের ফলে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন আহত হয়েছেন।
এ ঘটনা সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৭১৭ নম্বর কক্ষের একটি সিটকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সভাপতি গ্রুপের কয়েকজন জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এসময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।
এই সংঘর্ষের সময় জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন এবং শুভ ব্রহ্মচারী নামের এক শিক্ষার্থী আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, "বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা নিজেদের দোষ ঢাকতে আমার গ্রুপের ওপর দোষ চাপাচ্ছে।"
বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, "আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কি কারণে এ ঘটনা ঘটেছে তদন্ত করার পর বলা যাবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন