প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটের মঞ্চে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়া মানে পুরনো প্রতিদ্বন্দ্বিতায় নতুন একটি রং যুক্ত হওয়া। এই ম্যাচে তৈরি হয় এক ভিন্ন আবহ, যেখানে আবেগ এবং মর্যাদার প্রশ্ন জড়িয়ে থাকে। এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের ফাইনালেও ছিল তেমনই একটি লড়াইয়ের প্রতীক্ষা। কিন্তু গতকাল শুক্রবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রকৃতি সেই চিরচেনা উত্তাপ ছড়ানোর সুযোগ দেয়নি, শেষ পর্যন্ত রাজত্ব করেছে বৃষ্টি। এক বলও মাঠে না গড়ানোর কারণে ভারতকে শিরোপাবঞ্চিত করে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা পাকিস্তান শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে।
এদিন মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের সঙ্গে ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। তিনি ফাইনালের উত্তাপ গায়ে না মেখে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান। একইসাথে এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করেন। তিনি বলেন, “টুর্নামেন্টে অংশ নেওয়া সব খেলোয়াড়কে তাঁদের সাহসিকতার জন্য স্যালুট জানাচ্ছি, বিশেষ করে চ্যাম্পিয়ন পাকিস্তানকে। এমন দুর্দান্ত আয়োজন করে খেলোয়াড়দের পাশে থাকার জন্য আয়োজকসহ পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আরো বেশি এ ধরনের আয়োজন করে তাঁরা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবেন।”
গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জয়ী হয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছিল পাকিস্তান। অন্যদিকে, ওই পাকিস্তানের কাছে হেরে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে ওঠে ভারত। গতকাল বৃষ্টির কারণে ফাইনাল মাঠে না গড়ানোর ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পাকিস্তানের হাতে উঠেছে সোনালি ট্রফি। ভারতীয় দল রানার্স আপ ট্রফি নিতে মঞ্চে ওঠেনি, কারণ তারা শিরোপা না জিতার বিষয়ে আপত্তি জানিয়েছে। তবে শিরোপা না জিতলেও ভারতের জন্য এই আসর মোটেও ব্যর্থতার গল্প নয়। কারণ তিন ক্যাটাগরিতে আসরের সেরা হওয়া তিনজনই ভারতীয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির চেয়ারম্যান এস এম আবদুল্লাহ আল ফুয়াদ। সম্মানিত অতিথি ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সভাপতি ও পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ, যুব ও ক্রীড়া মন্ত্রীর এপিএস ইব্রাহীম খলীল। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সাধারণ সম্পাদক রজনীশ হেনরি, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) পরিচালক মইন ইকবাল, বিবিসিসির সহসভাপতি নারায়ণ চন্দ্র দাস, পরিচালক (গেম) ব্যারিস্টার মাহিন এম রহমান, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সদস্য ও সংগঠক বশিরুল ইসলাম খান রানা, ‘নতুন ঠিকানা’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন এবং ‘সুবর্ণধারা বিল্ডার্স লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিকুল ইসলাম।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ প্রস্তুত থাকলেও বৃষ্টি সেই রোমাঞ্চ কেড়ে নেয়। তবে পাকিস্তানের তাঁবুতে শিরোপা জয়ের আনন্দে একটুও ভাটা পড়েনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন