প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোণার কেন্দুয়ায় স্ত্রীর কীটনাশক পানে মৃত্যুর প্রায় দুই মাস পর স্বামী আবুল কাশেম (৫০) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রাজনগর (উত্তর) গ্রামের নিজ বাড়ির বারান্দায় স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পান। পরে পুলিশকে অবহিত করা হলে, বিকেল ৪টার দিকে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে লোকজন না থাকার সুযোগে আবুল কাশেমের মরদেহ বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুলিশকে বিষয়টি জানানো হলেও, খবর দেওয়ার প্রায় চার-পাঁচ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পুলিশের দেরিতে পৌঁছানোর কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
ঘটনার বিষয়ে রবিবার বিকেল ৪টার দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি পুলিশ পাঠানোর কথা জানান। তবে তিনি নিশ্চিত করতে পারেননি যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে কি না। পুলিশ পৌঁছাতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থল পেমই তদন্ত কেন্দ্রের আওতাধীন এবং সেখানে কর্মকর্তারা অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন।
এদিকে, আবুল কাশেমের স্ত্রীর মৃত্যুর ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেছে কি না, জানতে চাইলে ওসি জানান, তিনি পাননি। এর পরপরই পেমই তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা জানিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে বলে জানান।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর একই বাড়ি থেকে আবুল কাশেমের স্ত্রী হামিদা আক্তার (৪৫)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় প্রাথমিকভাবে জানা যায়, তিনি কীটনাশক পান করেছিলেন। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় অপমৃত্যুর মামলাও করা হয়েছিল।
পরপর প্রায় দুই মাসের ব্যবধানে একই পরিবারের স্বামী-স্ত্রীর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন