প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমানে অপারেশনাল কাজে অনুপযুক্ত র্যাবের ডগ স্কোয়াডের প্রশিক্ষিত আটটি কুকুর নিলামে বিক্রি করা হয়েছে। এই নিলামে একটি কুকুরের সর্বোচ্চ দাম উঠেছে ২৬ হাজার টাকা।
বুধবার (১২ আগস্ট) দুপুরে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে এসব কুকুরের সর্বনিম্ন দাম উঠেছে ৫ হাজার টাকা, আর সর্বোচ্চ দাম উঠেছে ২৬ হাজার টাকা।
বিক্রি হওয়া আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাবরেডর ও তিনটি জার্মান শেফার্ড জাতের। যার মধ্যে পাঁচটি পুরুষ কুকুর ও তিনটি মেয়ে কুকুর রয়েছে।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, এক একটি কুকুরের সর্বনিম্ন ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত বিড ছিল। সঙ্গে বিক্রয় মূল্যের ওপর শতকরা ১০ ভাগ আয়কর এবং ১৫ ভাগ ভ্যাট যুক্ত হবে। এ হিসাব অনুযায়ী, ৫ হাজার টাকার বিড ওঠা কুকুরের দাম হবে ৬ হাজার ২৫০ টাকা এবং ২৬ হাজার টাকা বিড ওঠা কুকুরের জন্য ক্রেতাকে দিতে হবে ৩২ হাজার ৫০০ টাকা।
তিনি আরও জানান, ইতোমধ্যে আটটি কুকুর নিলামের মাধ্যমে বিক্রি হয়ে গেছে। কুকুরগুলোর বয়সজনিত কারণে তাদের অনুসন্ধান সক্ষমতা হ্রাস পাওয়ায় এবং র্যাবের ডগ স্কোয়াডের অভিজাতিক সক্ষমতা অক্ষুণ্ন রাখার জন্যই এই নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইন্তেখাব চৌধুরী বলেন, নিলামে বিক্রি হয়ে যাওয়া প্রতিটি কুকুরের নাম রয়েছে। ল্যাবরেডর জাতের তিনটি পুরুষ কুকুরের নাম ডিলন, ডিগবি, ইভান; একই জাতের দুটি মেয়ে কুকুরের নাম ডন এবং হেইডি জুনিয়র। জার্মান শেফার্ড জাতের দুটি পুরুষ কুকুরের নাম উইংক এবং নেরো; একই জাতের একমাত্র মেয়ে কুকুরটির নাম এলমা। জার্মান শেফার্ড উইংক এই আটটি কুকুরের মধ্যে সবচেয়ে ছোট, তার বয়স ৬ বছর ৭ মাস ১১ দিন। অন্যদিকে, এই দলের সবচেয়ে বয়স্ক কুকুর ল্যাবরেডর ডিলন, যার বয়স ৮ বছর ৩ মাস ২৭ দিন।
এসব কুকুরের ক্রেতা কারা ছিলেন, সে বিষয়ে র্যাবের পক্ষ থেকে কোনো তথ্য প্রদান করা হয়নি। তবে নিলামে বিক্রি শেষ হলেও ক্রেতাদের আগামী তিনদিনের মধ্যে আয়কর এবং ভ্যাট পরিশোধ করে কুকুরগুলো নিয়ে যেতে বলা হয়েছে, এ তথ্য প্রদান করেছেন ইন্তেখাব চৌধুরী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন