প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিপিএসসি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর উত্তরার বাউনিয়া পূর্বপাড়ায় অবস্থিত ইগনাইট স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র, খেলনা, গল্পের বই, খাতা, কলম, শিক্ষা উপকরণ, স্কুলব্যাগ, মোজা ও চকলেটসহ নানা উপহার। উপহার পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিপিএসসি) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এবিজির ভাইস-চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের মানবিক কর্মকাণ্ডের অনুপ্রেরণায় এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিপিএসসির অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইগনাইট স্কুলকে দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। গভর্নিং বডির সহযোগিতায় পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এ ধরনের উদ্যোগ সম্প্রসারণ করা হবে।’
তিনি বলেন, ‘এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা গড়ে উঠবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন পরিচালিত ইগনাইট স্কুলে বর্তমানে ১১০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিনা মূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের অপারেশনস ডিরেক্টর ইসরাত জাহান এ উদ্যোগের জন্য বিপিএসসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি আরো জানান, শিশুদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়ে থাকেন তারা। বিপিএসসির এ উদ্যোগ শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে। এ জন্য তারা কৃতজ্ঞ। উপহারসামগ্রীগুলো শিশুদের প্রয়োজন মেটাতেও সহায়ক হবে।
বিপিএসসির জ্যেষ্ঠ শিক্ষক মুহাম্মদ মনসুর রহমান খান বলেন, ‘শিশুদের উচ্ছ্বাস ও আন্তরিক অভ্যর্থনা তাকে আবেগাপ্লুত করেছে। সুবিধাবঞ্চিত শিশুদের কথা প্রায়ই শোনা যায়। তবে সরাসরি তাদের সঙ্গে দেখা করে তাদের জীবন সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ হয়েছে এবার। আমাদের দেখে শিশুদের যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’
এ ধরনের আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও বিভিন্ন স্থানে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সমন্বয়ক ও বিপিএসসির সহকারী শিক্ষক নুসরাত নিগার বলেন, ‘নিজেদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। এ অভিজ্ঞতা তাদের মধ্যে সহমর্মিতা তৈরি করবে এবং শিক্ষার প্রকৃত অর্থ উপলব্ধি করতে সহায়তা করবে।’
আয়োজকরা জানান, এ কর্মসূচির উদ্দেশ্য শুধু উপহার বিতরণ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও সহমর্মিতার চর্চা বাড়ানো এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন