প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যাত্রাবাড়ীতে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মামলার তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তার দেখানোর মাধ্যমে জিজ্ঞাসাবাদের সুযোগ চেয়ে ঢাকার আদালতে এ আবেদন করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে জমা দেওয়া আবেদনের তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলাটির তদন্ত কর্মকর্তা হলেন থানার উপপরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম হোসেন। তিনি আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সশস্ত্র কর্মীরা এ হামলায় অংশগ্রহণ করে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানো ও মারধর করা হয়।
এ ঘটনায় মামলার বাদী মো. আতিকুর রহমানসহ অনেক আন্দোলনকারী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে ওই ঘটনার সঙ্গে আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বর্তমানে তাঁরা অন্য মামলায় কারাগারে আটক রয়েছেন।
মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা।
আদালতে দেওয়া আবেদনে আনিসুল হকের বয়স ৬৮ বছর এবং জুনাইদ আহমেদ পলকের বয়স ৪৫ বছর উল্লেখ করা হয়েছে। তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে আদালতের সিদ্ধান্তের জন্য পুলিশ অপেক্ষা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন