প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হঠাৎ কয়েক দফায় লাইট বন্ধ করে দেওয়ায় পুশইন আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় গ্রামবাসীরা মধ্যরাতে লাঠিসোঁটা ও টর্চলাইট হাতে পাহারা দেন। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে লোকবল ও টহল বাড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাকপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে হঠাৎ চাকপাড়া সীমান্তে বিএসএফ লাইট বন্ধ করে দেয়। এই সময় স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, বিএসএফ ভারতের অভ্যন্তরে কয়েকজন নারী-পুরুষকে শূন্যরেখায় নিয়ে এসেছে। এমন খবরে পুশইনের আশঙ্কায় স্থানীয়রা লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে সীমান্তে জড়ো হন।
রাত ১২টা পর্যন্ত কয়েক দফায় লাইট বন্ধ রাখা হলেও কোনো পুশইনের ঘটনা ঘটেনি। সীমান্তের আশপাশে বিএসএফ ছাড়া আর কাউকে দেখা যায়নি।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। মুঠোফোনে তিনি জানান, ‘কাউকে পুশইনের কোনো খবর আমাদের কাছে নেই। সীমান্তে লাইট বন্ধ করে দেয়ার কারণে এলাকাবাসী মনে করছেন, বিএসএফ কাউকে পুশইন করতে পারে। এ কারণে তারা সীমান্তে অবস্থান নিয়েছে। বিজিবি সদস্যরাও চাকপাড়া সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে।’
এর আগে গত জুন মাসে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে বিএসএফ চার দফায় শিশু ও নারী-পুরুষসহ ৬৪ জনকে পুশইনের চেষ্টা করে। সে সময়, স্থানীয়দের দেয়া তথ্য ও সহযোগিতায় বিজিবি ওই চেষ্টা ব্যর্থ করে।
তবে গোয়েন্দা সূত্রে জানা যায়, বিএসএফ ১২ জনকে পুশইন করার জন্য ভারতের দিকে রেখে লাইট বন্ধ করে দিয়েছিল। কিন্তু বিজিবি ও গ্রামবাসী সীমান্তে জড়ো হলে বাধ্য হয়ে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন