প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের বেসাঁসোঁ শহরে বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁ (ACBB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ACBB-এর সভাপতি শাকির হাসান। আবু নাঈম সঞ্চালনা করেন। উদ্বোধন করেন সুইজারল্যান্ডের জেনেভার বিশিষ্ট ব্যবসায়ী ও অ্যালিমেন্টেশন মনসুনের চেয়ারম্যান শ্যামল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলী সুমন।
প্রধান অতিথির বক্তব্যে সাত্তার আলী সুমন মন্তব্য করেন, কমিউনিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি কমিউনিটির কল্যাণ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
উদ্বোধকের বক্তব্যে শ্যামল খান উল্লেখ করেন, প্রবাসে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে কমিউনিটির স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি রাজনৈতিক বিভেদ ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁর মতে, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কমিউনিটির উন্নয়নের পাশাপাশি প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য আরও সমৃদ্ধভাবে তুলে ধরা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবকণ্ঠের সম্পাদক আবু তাহির, সুইজারল্যান্ড চট্টগ্রাম সমিতির সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক সসীম জি. সি. এবং যুগ্ম সাধারণ সম্পাদক অসংখ্য বড়ুয়া। এছাড়া ফ্রান্সপ্রবাসী ব্যবসায়ী মাহবুব আহমদ ও আহমদ সোহেলও উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাদাত হোসেন সাইফুল তাঁর শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বেসাঁসোঁতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন খান সুমন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ও পদবি ঘোষণা করেন। এর মাধ্যমে ACBB-এর নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কমিটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
গানে-আড্ডায় সাংস্কৃতিক মিলনমেলা
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন প্যারিসের সংগীতশিল্পী মিষ্টি বিশ্বাস এবং সুইজারল্যান্ডের সংগীতশিল্পী গৌরীচরণ রিমি। তাঁদের পরিবেশনায় উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, প্রবাসের ব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকার সুযোগ তৈরি করে। একই সঙ্গে প্রবাসীদের মধ্যে পরিচিতি, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধ জোরদার হয়।
অতিথিদের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা। দেশীয় খাবারের এই আয়োজন প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এবং সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন সহসভাপতি আবু তালহা, দপ্তর সম্পাদক রূপা হোসেন, অর্থ সম্পাদক আসাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হৃদয় মাহমুদ, উপদেষ্টা মোজাম্মেল হক, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নিকিল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক পিঙ্কি সরকার, কার্যকরী সদস্য হৃদয় মনি এবং সহসম্পাদক শামসুল আলম।
এছাড়া অনুষ্ঠান সফল করতে অবদান রাখেন তানিয়া লাবনী, নিলুফার ইয়াসমিন নীলা, মুসাম্মৎ নিলুফা, এলজোনা নাতাশা রনি, সাবিনা ইয়াসমিন রিতা, তামিম শোয়াক, সালমান এবং আবু সাঈদ নিশানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রধান উপদেষ্টা: আনোয়ার হোসেন খান সুমন, উপদেষ্টা: এইচ এম মোজাম্মেল হক (দুলাল), সভাপতি: শাকির হাসান, সহসভাপতি: আবু তালহা, সাধারণ সম্পাদক: সাদাত হোসেন (সাইফুল), দপ্তর সম্পাদক: শারমিন সুলতানা রূপা হোসেন, সহদপ্তর সম্পাদক: তানিয়া লাবনী, কোষাধ্যক্ষ: আসাদ হোসেন রনি, সহ-অর্থ সম্পাদক: মোহাম্মদ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক: হৃদয় আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক: বিশ্বাস নিখিল, তথ্য ও প্রচার সম্পাদক: সালমান ফার্সি স্বপিল, সাংস্কৃতিক সম্পাদক: পিঙ্কি সরকার, মহিলাবিষয়ক সম্পাদক: নিলুফার ইয়াসমিন নীলা, সহ-মহিলাবিষয়ক সম্পাদক: সাবিনা ইয়াসমিন (রিতা), আপ্যায়ন সম্পাদক: মুসাম্মৎ নিলুফা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: এলজোনা নাতাশা রনি, ক্রীড়া সম্পাদক: মো. তনিম আহমেদ, কার্যকরী সদস্য: হৃদয় মনি, সাধারণ সদস্য: আবু সাঈদ নিশান, সাধারণ সদস্য: মো. শোয়াগ মিয়া।
অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি এবং সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ভবিষ্যতে বেসাঁসোঁতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে কাজ করার আশাবাদ জানান আয়োজকেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন