০৩:১২ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।
মঙ্গলবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ইন্দ্র মণি পান্ডে বিমসটেকের চলমান কার্যক্রম এবং সংস্থার আওতায় গুরুত্বপূর্ণ অগ্রগতির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেকের কর্মসূচি এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব এবং গঠনমূলক অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে যৌথ সমৃদ্ধি, সহনশীলতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন: অর্থ বিভাগের সাময়িক বরখাস্ত কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমসটেক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের দায়িত্বকালে আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নেয়ার সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ (কানেক্টিভিটি), জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের মাধ্যমে এ অঞ্চলের জনগণের জন্য বাস্তব ও দৃশ্যমান সুফল নিশ্চিত করতে বাংলাদেশ কাজ করবে।
এ ছাড়া, বাংলাদেশের চেয়ারম্যানশিপের আওতায় গৃহীত সিদ্ধান্ত ও অগ্রাধিকারগুলোর সময়োপযোগী বাস্তবায়ন ত্বরান্বিত করতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বিমসটেকের বিভিন্ন খাতভিত্তিক বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাক্ষাতে বাংলাদেশের চেয়ারম্যানশিপ চলাকালে গ্রহণযোগ্য সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই ‘সমৃদ্ধ, সহনশীল ও উন্মুক্ত বিমসটেক’-এর অভিন্ন লক্ষ্যকে বাস্তব ফলাফলে রূপান্তরের মাধ্যমে এ অঞ্চলের জনগণের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন