প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং কৃষকসেবার মানোন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। সংস্থাটি সৌরবিদ্যুৎ, নেট মিটারিং ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে সেচ ব্যবস্থাকে আরও সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে কাজ করছে। বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিনের দিকনির্দেশনা এবং নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে এসব কার্যক্রম চলমান রয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর মৌজায় শনিবার সৌরশক্তিচালিত গভীর নলকূপ এবং জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের মাঠপর্যায়ের অগ্রগতি পরিদর্শন করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা) ও নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান (গ্রেড -২)। তাঁরা সৌরবিদ্যুৎ উৎপাদন, সেচযন্ত্র পরিচালনা, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ এবং কৃষকদের সেবার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন মন্তব্য করেন, বরেন্দ্র অঞ্চল দেশের খাদ্য উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। বিএমডিএর কার্যক্রম কৃষি ও কৃষকের উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই কৃষকের সেচসুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির সুষ্ঠু ব্যবহার, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়ন এবং সেচ ব্যবস্থাকে আধুনিক ও সাশ্রয়ী করতে প্রায় ১৭ হাজার গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী এক বছরের মধ্যে এসব গভীর নলকূপ পর্যায়ক্রমে সৌরবিদ্যুতে রূপান্তর করা সম্ভব হলে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষকদের সেচ খরচ কমবে, সেচসেবার মান বাড়বে এবং কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
চেয়ারম্যান উল্লেখ করেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সেচযন্ত্র পরিচালনার চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে বিএমডিএর বিদ্যুৎ ব্যয় কমবে এবং জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহ বাড়বে। ফলে কৃষকের সেচসুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশের বিদ্যুৎ ব্যবস্থায়ও ইতিবাচক অবদান রাখবে এই উদ্যোগ।
তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে দুই থেকে তিন দফা বৈঠক ও আলোচনা হয়েছে। বরেন্দ্র অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষকদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে গভীর নলকূপগুলো সৌরবিদ্যুতের আওতায় আনার বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, বিএমডিএর উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য কৃষকের জীবনমানের পরিবর্তন ঘটানো। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কৃষকদের জন্য সহজ, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সেচসেবা গড়ে তুলতে হবে। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম খান জানান, বরেন্দ্র অঞ্চলের সেচ অবকাঠামোকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে বিএমডিএর আওতায় প্রায় ১৭ হাজার সেচযন্ত্র পরিচালিত হচ্ছে। এসব সেচযন্ত্র পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬৯২টি সেচযন্ত্রে সৌরায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ২৫৩টি সেচযন্ত্রে নেট মিটারিং ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে সেচ কার্যক্রমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে। কৃষকের উৎপাদন খরচ হ্রাস, সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে। স্মার্ট কার্ডভিত্তিক প্রি-পেইড সেচ ব্যবস্থাকে আরও আধুনিক করে ক্যাশলেস ও কার্ডলেস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সেচযন্ত্রের কার্যক্রম, বিদ্যুৎ ব্যবহার, সৌরবিদ্যুৎ উৎপাদন ও রাজস্ব আদায় পর্যবেক্ষণের পরিকল্পনাও রয়েছে।
বিএমডিএ সূত্রে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছর থেকে চালু হওয়া স্মার্ট কার্ডভিত্তিক প্রি-পেইড সেচ ব্যবস্থার আওতায় ইতোমধ্যে প্রায় ছয় লাখ স্মার্ট কার্ড কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ে প্রায় ৯০০ জন ডিলার ও ৭৮টি ভেন্ডিং স্টেশনের মাধ্যমে কৃষকরা সেচের অর্থ রিচার্জ করতে পারছেন। নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এ ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রান্সফরমার চুরি প্রতিরোধে পর্যায়ক্রমে ১০ হাজার সেচযন্ত্রে আধুনিক ট্রান্সফরমার গার্ড স্থাপনের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারসহ স্থানীয় কৃষক, ডিপ অপারেটর এবং বিএমডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মতে, সৌরবিদ্যুৎ, নেট মিটারিং, ডিজিটাল সেচ ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের কৃষি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। কৃষকের সেচ খরচ হ্রাস, নিরবচ্ছিন্ন সেচসেবা নিশ্চিতকরণ, জ্বালানি সাশ্রয় এবং জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ—এই লক্ষ্যগুলো বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চল দেশের টেকসই কৃষি ও সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনার একটি অনুকরণীয় মডেল হিসেবে গড়ে উঠতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন