প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং ছয়জন আহত হয়েছেন।ফেনীর ছাগলনাইয়া ও মহিপাল এলাকায় দুটি আলাদা সড়ক দুর্ঘটনা ঘটে, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। সকাল ৭টার দিকে মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল। সেই কাভার্ডভ্যানটি সরানোর সময় পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়, ফলে তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কাভার্ডভ্যানটি যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কে বিকল অবস্থায় ছিল।কাভার্ডভ্যানটি সরাতে একটি লং ভেহিক্যাল এসে রশি দিয়ে বাঁধছিল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের বাসটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় কাভার্ডভ্যানের চালক, চালকের সহকারী ও বাসের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।নিহতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াসনগর এলাকার বাসিন্দা ও কাভার্ডভ্যান চালক আবদুর রহিম (৫৫), ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ও বাসচালক আবুল হোসেন (৫২) এবং কাভার্ডভ্যান চালকের সহকারী।এই দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন (২৩), খোকন (৪৯), অভিজিত দাস (২৭), কমল (২৫) এবং অজ্ঞান (৩৫)।ফেনী সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রোকনউদ্দৌল্ল্যাহ জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে।তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অপর একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ফেনীর ফজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান কালের কণ্ঠকে বলেন, সকাল ৭টার দিকে মুহুরীগঞ্জ দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটি লং ভেহিক্যালের মাধ্যমে সরানোর সময় ইউনিক পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন সরিয়ে থানায় নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে তাবারক আলী ওরফে ফটিক (৫৪) নামের এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে মহিপাল ফ্লাইওভারের প্রায় ২০০ গজ উত্তরে কে এম এইচ জুয়েল মার্কেটের সামনে ‘পাতা এন্টারপ্রাইজ’ নামের একটি বাস যাত্রী নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। বাস থেকে নেমে তাবারক আলী বাসটির সামনের অংশে অবস্থান করছিলেন। এ সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা তাবারক আলী গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত তাবারক আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত পাতা এন্টারপ্রাইজের বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন